সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চিকিৎসা নয়, প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা | ঝিনাইদহে ডা. জিয়াউদ্দিন হায়দার
দেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাকে কেবল চিকিৎসাকেন্দ্রিক না রেখে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নমুখী হিসেবে গড়ে তুলতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানীয় চিকিৎসক ও জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপে তিনি এসব তথ্য জানান।
ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নে দেশজুড়ে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি হেলথ কেয়ার সেন্টারের অধীনে তিনটি করে 'সুস্বাস্থ্যের হাব' থাকবে, যার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছানো নিশ্চিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করছে। স্বাস্থ্য খাতে দেশব্যাপী নতুন অবকাঠামো এবং আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব উন্নয়ন প্রকল্প সম্পন্ন হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ ও আধুনিক হবে।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু এবং ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় চিকিৎসকবৃন্দ।