সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ইসলামি জীবনধারায় প্রতিটি দিনকে গতকালের চেয়ে অর্থবহ করার ৫ উপায়
একটি সুপরিচিত ইসলামি প্রবাদে উল্লেখ রয়েছে, ‘যার দুটি দিন সমান কাটল, সে ক্ষতিগ্রস্ত হলো; আর যার আজকের দিনটি গতকালের চেয়ে খারাপ কাটল, সে ধ্বংসের দিকে ধাবিত হলো।’ ইসলামি জীবনদর্শনে সময় ও জীবনের গুরুত্ব অপরিসীম।
সময় একমুখী এক মহাস্রোত, যা একবার চলে গেলে আর কখনোই ফেরানো সম্ভব নয়। একজন বিশ্বাসী মানুষের জন্য প্রতিদিনের নতুন প্রভাত মানে কেবল আরেকটি সূর্যোদয় নয়, বরং তা ভুলত্রুটি শুধরে নিজেকে আত্মউন্নয়নের পথে এগিয়ে নেওয়ার এক অনন্য সুযোগ। ইসলামি নির্দেশনার আলোকে প্রতিটি দিনকে গত দিনের চেয়ে উন্নত ও কল্যাণময় করার কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচে আলোচনা করা হলো:
১. নিয়মিত আত্মসমালোচনা (মুহাসাবা)
প্রতিটি দিনকে গত দিনের চেয়ে উত্তম রূপ দিতে প্রতিদিনের লাভ-ক্ষতির হিসেব করা অত্যন্ত জরুরি। ইসলামে এই ধরনের আত্মপরীক্ষাকে বলা হয় ‘মুহাসাবা’। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) আত্মোপলব্ধির গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, ‘তোমাদের নিকট থেকে হিসেব গ্রহণ করার পূর্বেই তোমরা নিজেরা নিজেদের জীবনের হিসেব কষে নাও এবং হাশরের ময়দানে চূড়ান্ত আত্মপ্রকাশের জন্য নিজেদের তৈরি করো।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৪৫৯)
তাই প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে বা ভোরের শুরুতে আত্মজিজ্ঞাসা করা প্রয়োজন—গতকাল কতটুকু ভালো কাজ করা হয়েছে আর কতটুকু ভুলত্রুটি ঘটেছে। এ বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির ভাবা উচিত, আগামীকালের (পরকালের) জন্য সে কী প্রেরণ করেছে।’ (সুরা হাশর, আয়াত: ১৮)
২. দিনের শুরুতে সঠিক ও বরকতময় সূচনা
দিনের শুভ সূচনার ওপর পুরো দিনের কাজের সাফল্য অনেকাংশে নির্ভর করে। সকালে ঘুম থেকে জেগেই নতুন জীবনের জন্য মহান আল্লাহর দরবারে শোকর আদায় ও দোয়ার মাধ্যমে দিন শুরু করা উচিত। বিশেষ করে ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত অলসতা ত্যাগ করে দিনের সুনির্দিষ্ট পরিকল্পনা করা অত্যন্ত বরকতময়। একটি সুবিন্যস্ত কর্মপরিকল্পনা সময়ের অপচয় রোধ করে ও জীবনের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়।
৩. ভুলের ক্ষতিপূরণ ও তওবার চর্চা
বিগত দিনে হয়তো অবহেলা, অলসতা বা অসাবধানতাবশত কোনো অন্যায় হয়ে থাকতে পারে। সেই ভুলগুলোর জন্য অনুশোচনা প্রকাশ করে তওবা করা এবং ভবিষ্যতে তা না করার সংকল্প করাই হলো সুন্দর দিনের মূল চাবিকাঠি। মহানবী (সা.) উপদেশ দিয়ে বলেছেন, ‘কোনো অপরাধ হয়ে গেলে সঙ্গে সঙ্গেই একটি ভালো কাজ করো, যা উক্ত অন্যায়কে মুছে দেবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৮৭)। সুতরাং অতীতের ভুলের ক্ষতিপূরণ হিসেবে আজ অন্তত একটি অতিরিক্ত সৎকাজ করে জীবনকে আবার ইতিবাচক ধারায় ফেরানো সম্ভব।
৪. নিয়ত পরিশুদ্ধ করা
যেকোনো কাজের সফলতা নির্ভর করে নিয়তের ওপর। দৈনন্দিন জীবিকা অর্জন, পড়াশোনা, পরিবারকে সময় দেওয়া কিংবা সামাজিক কল্যাণমূলক যে কাজই করা হোক না কেন—তা যদি সৎ নিয়তে করা হয়, তবে তা ইবাদতে পরিণত হয়। বিশ্বনবী (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি, হাদিস: ১)। প্রতিদিনের কাজের পেছনে মহৎ উদ্দেশ্য থাকলে তা মনে আত্মিক প্রশান্তি এনে দেয়।
৫. আমলের ধারাবাহিকতা রক্ষা
একদিনে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়; দরকার ধারাবাহিক প্রয়াস। গত দিনের চেয়ে আজ সামান্য হলেও একটি অতিরিক্ত ভালো কাজ সম্পাদন করা অথবা একটি মন্দ অভ্যাস ত্যাগের চেষ্টাই হলো মূল সফলতা। রাসুলুল্লাহ (সা.) নির্দেশ করেছেন, ‘আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল তা-ই, যা নিয়মিত করা হয়; তা পরিমাণে অল্প হলেও।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৫)
মনীষী ইবনে রজব আল-হাম্বলি এক হাকীমের কথা উদ্ধৃত করে লিখেছেন, ‘হে মানব সন্তান, তুমি তো কেবল কিছু দিনের সমষ্টিমাত্র; যখন একটি দিন শেষ হয়ে যায়, তখন তোমার জীবনের একটি অংশও ক্ষয়ে যায়।’ (জামিউল উলুমি ওয়াল হিকাম, ১/৩৮২)