সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আল-আসমাউল হুসনা | আল্লাহর ৯৯ নামের মহিমা, ফজিলত ও গভীর তাৎপর্য
ইসলামিক ডেস্ক: মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলার রয়েছে অসংখ্য গুণ ও মহিমা। তাঁর পবিত্র সত্তার পরিচয় পাওয়া যায় এই গুণবাচক সুন্দর নামসমূহের মাধ্যমে, যা তিনি নিজেই নির্ধারণ করেছেন এবং পবিত্র কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসে বর্ণিত হয়েছে। ইসলামে এই নামগুলোকে ‘আল-আসমাউল হুসনা’ বা সর্বোত্তম ও সুন্দরতম নাম হিসেবে অভিহিত করা হয়।
পবিত্র কোরআনে আল-আসমাউল হুসনা সম্পর্কে চারটি আয়াতে আলোচনা করা হয়েছে। যেমন সুরা আল-আরাফে আল্লাহ তাআলা বলেছেন, ‘আর আল্লাহর জন্য রয়েছে সুন্দরতম নামসমূহ। সুতরাং তোমরা তাঁকে সেসব নামেই ডাকো।’ (সুরা আল-আরাফ, আয়াত: ১৮০)। এছাড়াও সুরা আল-ইসরা (১৭:১১০) এবং সুরা আল-হাশরের (৫৯:২২) আয়াতেও এই নামের উল্লেখ রয়েছে।
হাদিসে আল্লাহর ৯৯টি নামের বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে। এসব নামের অর্থ অনুধাবন, মুখস্থ করা, সংরক্ষণ করা এবং জীবনে সেগুলোর তাৎপর্য উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর ৯৯টি নাম আছে। যে ব্যক্তি সেগুলো সংরক্ষণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৭৩৬)। অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি আল্লাহর এসব নাম গণনা করবে এবং যথাযথভাবে আয়ত্ত করবে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে।
আল্লাহর ৯৯ নামের তালিকা নিয়ে মতপার্থক্য
আল্লাহর ৯৯টি নামের ফজিলত যেমন হাদিসে বর্ণিত হয়েছে, তেমনি বিভিন্ন হাদিসগ্রন্থে এই নামগুলোর তালিকাও পাওয়া যায়। সহিহ বুখারি ও মুসলিম শরিফে নির্দিষ্ট কোনো তালিকা উল্লেখ না থাকলেও সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজি এবং আল-মুস্তাদরাকসহ কয়েকটি গ্রন্থে নামের তালিকা সংকলিত হয়েছে। তবে বিভিন্ন গ্রন্থে পাওয়া এই তালিকাগুলোর মধ্যে কিছু পার্থক্য দেখা যায়, যা আলেমদের মধ্যে কোন তালিকাটি গ্রহণযোগ্য, তা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। হাফিজ ইবনে হাজার আসকালানি (রহ.) ইমাম তিরমিজির বর্ণিত তালিকাকে গ্রহণ করেছেন। নিচে সেই তালিকা অর্থসহ তুলে ধরা হলো:
হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া
১. আর-রহমান – পরম করুণাময়।
২. আর-রহিম – অসীম দয়ালু।
৩. আল-মালিক – সর্বময় অধিপতি।
৪. আল-কুদ্দুস – মহাপবিত্র।
৫. আস-সালাম – ত্রুটিমুক্ত ও শান্তিদাতা।
৬. আল-মুমিন – নিরাপত্তাদানকারী।
৭. আল-মুহাইমিন – সর্বতত্ত্বাবধায়ক ও সংরক্ষণকারী।
৮. আল-আজিজ – মহাপরাক্রমশালী।
৯. আল-জাব্বার – মহাপ্রতাপশালী ও সংশোধনকারী।
১০. আল-মুতাকাব্বির – মহত্ত্ব ও বড়ত্বের অধিকারী।
১১. আল-খালিক – সৃষ্টিকর্তা।
১২. আল-বারি – অস্তিত্বদানকারী।
১৩. আল-মুসাওয়ির – আকৃতিদানকারী।
১৪. আল-গাফফার – বারবার ক্ষমাকারী।
১৫. আল-কাহহার – সর্বজয়ী ও পরাভূতকারী।
১৬. আল-ওয়াহহাব – মহাদাতা।
১৭. আর-রাজ্জাক – রিজিকদাতা।
১৮. আল-ফাত্তাহ – উন্মুক্তকারী ও ফয়সালাকারী।
১৯. আল-আলিম – সর্বজ্ঞ।
২০. আল-কাবিদ – সংকোচনকারী।
২১. আল-বাসিত – সম্প্রসারণকারী।
২২. আল-খাফিদ – অবনতকারী।
২৩. আর-রাফি – উন্নীতকারী।
২৪. আল-মুইয – সম্মানদাতা।
২৫. আল-মুযিল – অপমানিতকারী।
২৬. আস-সামি – সর্বশ্রোতা।
২৭. আল-বাসির – সর্বদ্রষ্টা।
২৮. আল-হাকাম – চূড়ান্ত ফয়সালাকারী।
২৯. আল-আদল – ন্যায়বিচারক।
৩০. আল-লতিফ – অতি সূক্ষ্মদর্শী ও অনুগ্রহশীল।
৩১. আল-খবির – সর্ববিষয়ে অবহিত।
৩২. আল-হালিম – পরম সহনশীল।
৩৩. আল-আজিম – মহামহিম।
৩৪. আল-গাফুর – পরম ক্ষমাশীল।
৩৫. আশ-শাকুর – অল্প আমলের অধিক প্রতিদানদাতা।
৩৬. আল-আলিয়্যু – সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
৩৭. আল-কাবির – সর্বশ্রেষ্ঠ ও মহান।
৩৮. আল-হাফিজ – সংরক্ষণকারী।
৩৯. আল-মুকিত – জীবিকা ও শক্তি সরবরাহকারী।
৪০. আল-হাসিব – হিসাব গ্রহণকারী ও যথেষ্ট।
৪১. আল-জালিল – মহিমান্বিত।
৪২. আল-কারিম – মহাদানশীল।
৪৩. আর-রাকিব – সদা পর্যবেক্ষণকারী।
৪৪. আল-মুজিব – দোয়া কবুলকারী।
৪৫. আল-ওয়াসি – অসীম ব্যাপকতার অধিকারী।
৪৬. আল-হাকিম – প্রজ্ঞাময়।
৪৭. আল-ওয়াদুদ – পরম প্রেমময়।
৪৮. আল-মাজিদ – মহাগৌরবময়।
৪৯. আল-বা’ইস – পুনরুত্থানকারী।
৫০. আশ-শাহিদ – সর্বসাক্ষী।
৫১. আল-হাক্ক – চিরসত্য।
৫২. আল-ওয়াকিল – কর্মবিধায়ক ও নির্ভরযোগ্য অভিভাবক।
৫৩. আল-কাওয়িয়্যু – মহাশক্তিশালী।
৫৪. আল-মাতিন – সুদৃঢ় শক্তির অধিকারী।
৫৫. আল-ওয়ালিয়্যু – অভিভাবক ও সাহায্যকারী।
৫৬. আল-হামিদ – সব প্রশংসার অধিকারী।
৫৭. আল-মুহসি – সবকিছুর হিসাব সংরক্ষণকারী।
৫৮. আল-মুবদি – প্রথমবার সৃষ্টিকারী।
৫৯. আল-মু’ঈদ – পুনরায় সৃষ্টিকারী।
৬০. আল-মুহয়ি – জীবনদানকারী।
৬১. আল-মুমিত – মৃত্যুদানকারী।
৬২. আল-হাইয়্যু – চিরঞ্জীব।
৬৩. আল-কাইয়্যুম – স্বয়ং প্রতিষ্ঠিত এবং সবকিছুর ধারক ও রক্ষণাবেক্ষণকারী।
৬৪. আল-ওয়াজিদ – অভাবমুক্ত ও সর্বপ্রাপ্ত।
৬৫. আল-মাজিদ – মহামর্যাদাবান।
৬৬. আল-ওয়াহিদ – একক।
৬৭. আস-সামাদ – অমুখাপেক্ষী ও সবার আশ্রয়স্থল।
৬৮. আল-কাদির – সর্বক্ষমতাবান।
৬৯. আল-মুকতাদির – পূর্ণ ক্ষমতার অধিকারী।
৭০. আল-মুকাদ্দিম – অগ্রসরকারী।
৭১. আল-মুয়াখখির – পশ্চাত্বর্তীকারী।
৭২. আল-আউয়াল – সর্বপ্রথম।
৭৩. আল-আখির – সর্বশেষ।
৭৪. আয-জাহির – প্রকাশ্য ও সর্বোচ্চ।
৭৫. আল-বাতিন – অপ্রকাশ্য ও অন্তর্নিহিত।
৭৬. আল-ওয়ালি – সর্বময় কর্তৃত্বের অধিকারী।
৭৭. আল-মুতা’আলি – সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
৭৮. আল-বার্র – পরম কল্যাণকারী।
৭৯. আত-তাওয়াব – তাওবা কবুলকারী।
৮০. আল-মুনতাকিম – প্রতিশোধ গ্রহণকারী।
৮১. আল-আফুউ – পাপ মোচনকারী।
৮২. আর-রাউফ – পরম স্নেহশীল।
৮৩. মালিকুল মুলক – সমগ্র রাজত্বের মালিক।
৮৪. যুল-জালালি ওয়াল-ইকরাম – মহিমা ও সম্মানের অধিকারী।
৮৫. আল-মুকসিত – ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী।
৮৬. আল-জামি – একত্রকারী।
৮৭. আল-গানিয়্যু – অমুখাপেক্ষী ও অভাবমুক্ত।
৮৮. আল-মুগনি – অভাবমোচনকারী।
৮৯. আল-মানি – প্রতিরোধকারী।
৯০. আদ-দার – ক্ষতি সংঘটনের ক্ষমতার অধিকারী।
৯১. আন-নাফি – উপকারদানকারী।
৯২. আন-নূর – আলো।
৯৩. আল-হাদি – পথপ্রদর্শক।
৯৪. আল-বাদি – অতুলনীয় সৃষ্টির উদ্ভাবক।
৯৫. আল-বাকি – চিরঅবশিষ্ট।
৯৬. আল-ওয়ারিস – চূড়ান্ত উত্তরাধিকারী।
৯৭. আর-রাশিদ – সঠিক পথপ্রদর্শক।
৯৮. আস-সবুর – অত্যন্ত ধৈর্যশীল।
৯৯. আল-আহাদ – এক ও অদ্বিতীয়, যার কোনো সমকক্ষ বা অংশীদার নেই।
তালিকার সূত্র: সুনানে তিরমিজি, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত; ফাতহুল বারি, ১১/২১৩।
আল্লাহর নাম কি শুধু ৯৯টি?
মহান আল্লাহর সুন্দর নামের সংখ্যা নিয়ে ইসলামি চিন্তাবিদ ও আলেমদের মধ্যে দীর্ঘকাল ধরে আলোচনা চলে আসছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে, আল্লাহর নামের সংখ্যা কি শুধু ৯৯টির মধ্যে সীমাবদ্ধ, নাকি এর থেকে বেশি?
এ বিষয়ে আলেমদের মধ্যে প্রধানত দুটি মত প্রচলিত রয়েছে। প্রথম মত অনুযায়ী, আল্লাহর নামের সংখ্যা ৯৯টিতে সীমাবদ্ধ। এই মতের অনুসারীরা আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসের বক্তব্যকে সরাসরি গ্রহণ করেছেন।
অন্যদিকে দ্বিতীয় মতের আলেমরা মনে করেন, আল্লাহর নাম কেবল ৯৯টির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাঁর পবিত্র সত্তার উপযোগী আরও অনেক সুন্দর নাম রয়েছে। এই মতের সপক্ষে তাঁরা বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন:
- বিভিন্ন হাদিসে নামের তালিকায় ভিন্নতা: আল্লাহর ৯৯টি নামের তালিকা নিয়ে হাদিসের বিভিন্ন বর্ণনায় ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়। ফলে কোনো একটি তালিকাকে চূড়ান্ত ও সর্বসম্মত হিসেবে নির্ধারণ করা কঠিন।
- কোরআনে উল্লেখিত কিছু নাম তিরমিজির তালিকায় নেই: যেমন—আল-মাওলা (অভিভাবক), আল-খাল্লাক (মহাস্রষ্টা) এবং আল-মুদাব্বির (পরিচালনাকারী)। অন্যদিকে তিরমিজির তালিকায় এমন কিছু নাম রয়েছে, যেগুলো কোরআনে সরাসরি পাওয়া যায় না। উদাহরণস্বরূপ আল-জালিল (মহিমান্বিত), আল-খাফিদ (অবনতকারী) ও আর-রাশিদ (সঠিক পথপ্রদর্শক) নামগুলোর কথা বলা হয়।
- ৯৯টির অতিরিক্ত নামের পক্ষেও হাদিসের বর্ণনা: যেমন—আস-সাইয়িদ (মহান নেতা ও অধিপতি)। একটি বর্ণনায় দেখা যায়, একজন ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে ‘হে আমার নেতা’ বলে সম্বোধন করলে তিনি জানান যে, প্রকৃত অধিপতি হলেন আল্লাহ তাআলা। এছাড়াও আদ-দাইয়ান, আল-হান্নান ও আল-মান্নান নামের কথাও বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়।
আল্লাহর নাম ৯৯টির মধ্যে সীমাবদ্ধ নয়—এই মতের পক্ষে যেসব বিশিষ্ট আলেম অবস্থান গ্রহণ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ইবনে আব্বাস (রা.), ফখরুদ্দিন আর-রাজি, ইবন কাসির, ইমাম গাজ্জালি, ইমাম কুরতুবি ও ইমাম বায়হাকি (রহ.)।
৯৯টি নামের হাদিসের ব্যাখ্যা কী?
যদি আল্লাহর নামের সংখ্যা ৯৯টির মধ্যে সীমাবদ্ধ না হয়, তাহলে রাসুলুল্লাহ (সা.) কেন ৯৯টি নামের কথা উল্লেখ করে হাদিস বর্ণনা করেছেন, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। এ বিষয়ে আলেমগণ একাধিক ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো, হাদিসে আল্লাহর নামের মোট সংখ্যা ৯৯টিতে সীমাবদ্ধ করা হয়নি। বরং বিশেষভাবে ৯৯টি নামের ফজিলত বর্ণনা করা হয়েছে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি এসব নাম সংরক্ষণ করবে কিংবা যথাযথভাবে আয়ত্ত করবে, সে জান্নাতে প্রবেশ করবে।
বিষয়টি বোঝাতে একটি উদাহরণ দেওয়া যায়: যদি বলা হয়, ‘আরিফের কাছে এক হাজার দিনার আছে, যা তিনি সদকা করার জন্য প্রস্তুত রেখেছেন’, এর অর্থ এই নয় যে আরিফের কাছে মোট সম্পদ এক হাজার দিনারই। বরং তাঁর সম্পদের একটি নির্দিষ্ট অংশ সদকা করার জন্য বরাদ্দ রাখা হয়েছে—এ কথাই বোঝানো হয়েছে। একইভাবে, আল্লাহর ৯৯টি নামের হাদিসের অর্থ এমন হতে পারে যে, তাঁর অসংখ্য সুন্দর নামের মধ্যে এই ৯৯টি বিশেষ বৈশিষ্ট্য ও ফজিলতের অধিকারী। যে ব্যক্তি এসব নাম যথাযথভাবে আয়ত্ত করবে, সংরক্ষণ করবে এবং সেগুলোর তাৎপর্য উপলব্ধি করবে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এ ব্যাখ্যার সমর্থনে আর-রাজির ‘শরহু আসমাইল্লাহিল হুসনা’ গ্রন্থে আলোচনা পাওয়া যায় (বৈরুত, ১৯৮৪, পৃষ্ঠা: ৭৮)।
৯৯টি নাম কি নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে?
এ বিষয়ে আরেকটি মত হলো, পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহতে আল্লাহর যেসব সুন্দর নাম বর্ণিত হয়েছে, সেগুলোর মধ্যেই বিশেষ ফজিলতসম্পন্ন ৯৯টি নাম রয়েছে। তবে সেগুলোকে আলাদাভাবে নির্দিষ্ট করে চিহ্নিত করা হয়নি। এই মত অনুযায়ী, কোরআন ও সুন্নাহতে আল্লাহর নামের সংখ্যা দুই শতাধিক পর্যন্ত পৌঁছেছে। কিন্তু বিশেষ ফজিলতসম্পন্ন ৯৯টি নামের পৃথক তালিকা প্রকাশ করা হয়নি। এর সঙ্গে রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর নির্দিষ্ট করে না জানানোর বিষয়টি তুলনা করা হয়। একইভাবে জুমার দিনের মধ্যে দোয়া কবুলের বিশেষ সময়টিও সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।
এর পেছনে একটি তাৎপর্য রয়েছে। মানুষ যেন নির্দিষ্ট কয়েকটি নাম বা সময়ের মধ্যে নিজেদের আমল সীমাবদ্ধ না রেখে, ব্যাপকভাবে আল্লাহর সুন্দর নামগুলো সম্পর্কে জানতে চেষ্টা করে এবং প্রতিটি সময়ে ইবাদত ও দোয়ার প্রতি মনোযোগী হয়। এর ফলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি বিশেষ ফজিলত লাভের সুযোগও তৈরি হয়। সুতরাং আল্লাহর সুন্দর নামগুলো কেবল মুখস্থ করার বিষয় নয়; বরং প্রতিটি নামের অর্থ, তাৎপর্য ও শিক্ষা অনুধাবন করে সেভাবে আল্লাহকে স্মরণ করা এবং তাঁর কাছে প্রার্থনা করাও গুরুত্বপূর্ণ। আল-আসমাউল হুসনার মাধ্যমে মহান আল্লাহর মহত্ত্ব, ক্ষমতা, দয়া, প্রজ্ঞা ও অসীম গুণাবলি সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করা সম্ভব।