সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬
চট্টগ্রামের রাউজানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহত নেতাদের অভিযোগ, তাদের দলেরই একটি অংশ এই হামলার পেছনে জড়িত। শনিবার বেলা তিনটার দিকে কাপ্তাই সড়কসংলগ্ন জিয়ানগর ও চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যবর্তী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৬০), উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন (৪০), উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মোহাম্মদ ফারুক (৪০), উপজেলা জাসাসের সভাপতি আল মারুফ (৩৫), সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির (৩৫) এবং বাগোয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মহিউদ্দিন (৩৮)। হামলায় আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজান উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১০-১৫ জন নেতা-কর্মী চুয়েট ক্যাম্পাস-সংলগ্ন শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার পথে ২০-৩০ জনের একটি সশস্ত্র দল লাঠিসোঁটা ও রড নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, হামলাকারীরা রড ও লাঠি দিয়ে তাঁর মাথা ও পায়ে আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে যায়। ঘটনার পেছনে নিজস্ব দলের একটি পক্ষ জড়িত দাবি করে তিনি আরও জানান, এই কর্মসূচির তথ্য আগেই স্থানীয় থানা-পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে অবহিত করা হয়েছিল। ঘটনার সময় পুলিশ নিকটে থাকলেও তারা হামলা রোধে কোনো ভূমিকা পালন করেনি।
ঘটনার বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন জানান, দলের দুই পক্ষের মধ্যে কিছু উত্তেজনা ও হট্টগোল হওয়ার কথা শুনেছেন। তবে মারামারির বিষয়ে পুলিশের কাছে কেউ লিখিত বা সরাসরি অভিযোগ করেননি।