সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
এবিজি ফাউন্ডেশনের ২০ লাখ টাকার মানবিক সহায়তা, ৪ সাংবাদিক পরিবারকে অনুদান
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হন। ব্যক্তিগত সংকট বা অসুস্থতা অনেক সময় তাদের কর্তব্য পালনে বাধা হয়ে দাঁড়ায়। এই মানবিক দিকটি বিবেচনা করে, আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন চার সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে। এর মধ্যে দুইজন অসুস্থ সাংবাদিকের চিকিৎসা এবং দুইজন প্রয়াত সাংবাদিকের পরিবারের জন্য মোট ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর, ২০২৬) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মাল্টিপারপাস হলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর বার্ষিক সাধারণ সভায় এই সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক সাংবাদিক পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা প্রদান করা হয়।
প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদার (দৈনিক ইনকিলাব) ও হুমায়ুন কবির খোকনের (দৈনিক আমাদের সময়) পরিবারের হাতে পাঁচ লাখ টাকা করে চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে, অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিন (দৈনিক সংবাদ) ও আমানুর রহমানের (দৈনিক নয়া দিগন্ত) চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. ইমরুল হাসান, যিনি ডিএমডি এবং এএন্ডএফ, ইডাব্লিউপিডি-এর প্রধান এবং বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক; এম. জেড. হোসেন আরজু, এবিজি-এর হেড অব ডিভিশন (আর অ্যান্ড ডি); এবং মো. শাজেদুল করিম, এবিজি ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার, জিওলজি অ্যান্ড মাইনিং।
দৈনিক ইনকিলাবের প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদারের ছেলে মো. তৌহিদ হারুন তার বাবার দীর্ঘদিনের কিডনি সমস্যার কথা উল্লেখ করে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। অসুস্থ ছিলেন। আমাদের পাশে দাঁড়িয়েছেন আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করবো তারা এইভাবে সাংবাদিকদের পাশে থাকবেন।”
দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক প্রয়াত হুমায়ুন কবির খোকনের স্ত্রী শারমিন সুলতানা রিনা জানান, কোভিডে স্বামীর মৃত্যুর সময়েও বসুন্ধরা গ্রুপ তাদের পাশে ছিল। তিনি বলেন, “আমার স্বামী কোভিডে মারা গেছেন। সেই সময়েও বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আজকে আবার যখন আমাকে এই চেকটি দিলেন, এটা আমাদের জন্য ভীষণ প্রয়োজন ছিল। আমাদের জীবনটা এখন অন্ধকারাচ্ছন্ন। এই মুহূর্তে এটা আমাদের জন্য বিরাট পাওয়া।”
দৈনিক সংবাদের অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিনের স্ত্রী নাসরিন জাহান তার স্বামীর চিকিৎসায় সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তার কথায়, “এবিজি কে অসংখ্য ধন্যবাদ আমার অসুস্থ স্বামীকে সহযোগিতা করার জন্য।”
দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আমানুর রহমান নিজে চেক গ্রহণ করে এবিজি ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, “আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আল্লাহ যেন তাদের এই প্রয়াস ও ডেডিকেশনকে কবুল করেন।” তিনি সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা করেন।
এবিজি’র প্রতিনিধি মো. ইমরুল হাসান তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন এবং একটি সুন্দর ও স্বচ্ছ সমাজ গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু আর্থিক অনটনের মধ্যে থাকলে তাদের কাজে প্রভাব পড়তে পারে। তিনি বলেন, “সাংবাদিকরা স্বচ্ছ সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। তাদের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি। কিন্তু সেই স্বপ্নের কথা লিখতে গিয়ে যখন কলম চালানো মানুষটি আর্থিক অনটনের মধ্যে থাকেন, তখন অনেক সময় মনের ভাবটা সম্পূর্ণভাবে তুলে ধরতে পারেন না। এ জন্য সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা প্রয়োজন।”
ইমরুল হাসান আরও উল্লেখ করেন যে, এবিজি সবসময় সাংবাদিকদের পাশে রয়েছে। পাশাপাশি এবিজি ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নানা মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি এই সকল উদ্যোগের পেছনে এবিজি’র চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর-এর অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন।
অনুষ্ঠানে বিএসআরএফ ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অনুসন্ধানী, জনস্বার্থ সংশ্লিষ্ট ও ইতিবাচক প্রতিবেদনকে উৎসাহিত করাই হবে এই পুরস্কারের মূল উদ্দেশ্য। এবিজি ফাউন্ডেশন এই মিডিয়া অ্যাওয়ার্ডের স্পন্সর হিসেবে থাকবে।
এবিজি ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও সক্রিয় ভূমিকা পালন করে। প্রতি শুক্রবার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং আর্থিক সংকটে থাকা মানুষকে সহায়তা করে আসছে। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের জন্য নিয়মিত বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে এই ফাউন্ডেশন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
২ দিন আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের
২ দিন আগে