সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
পিএসজির ‘ডিজিটাল ডিটক্স’ | তরুণ ফুটবলারদের ফোন আসক্তি থেকে মুক্তি দিতে অভিনব কর্মসূচি
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তরুণ ফুটবলারদের মাঠের খেলায় নিবদ্ধ রাখতে এবং পড়াশোনা ও দৈনন্দিন জীবনে ডিজিটাল স্ক্রিনের ওপর তাদের নির্ভরশীলতা কমাতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে। ক্লাবটি তাদের ফুটবল অ্যাকাডেমিতে 'ডিজিটাল ডিটক্স' নামক একটি বিশেষ কর্মসূচি চালু করছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো অ্যাকাডেমিতে প্রবেশের পর খেলোয়াড়দের মোবাইল ফোন জমা নেওয়া।
এই ব্যতিক্রমী কর্মসূচির অধীনে থাকছে প্রায় দেড়শো এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলে-মেয়ে। অ্যাকাডেমিতে পা রাখার সঙ্গে সঙ্গেই তাদের ফোন আবাসিক অথবা শিক্ষা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছে জমা দিতে হবে। তবে তরুণ খেলোয়াড়রা প্রতিদিন নির্দিষ্ট এক ঘণ্টার জন্য তাদের ফোন ব্যবহারের সুযোগ পাবেন।
নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তারা ফোন ব্যবহার করতে পারবেন। কিন্তু ফোন ফেরত পাওয়ার জন্য তাদের কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুবিন্যস্ত রাখা আবশ্যক।
শুক্রবার ফোন ব্যবহারের ক্ষেত্রে খেলোয়াড়দের জন্য কিছুটা বাড়তি স্বাধীনতা রাখা হয়েছে। সেদিন দুপুর ২টা থেকে তারা ফোন ব্যবহার করতে পারবেন। বিশেষ কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে অবশ্য নিয়মের ব্যতিক্রম করার সুযোগও থাকবে।
রাত সাড়ে আটটার পর মোবাইল ফোনের পরিবর্তে অন্যান্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। তরুণ খেলোয়াড়দের পিয়ানো বাজানোসহ বিভিন্ন সৃজনশীল ও বিকল্প কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে।
পিএসজি মূলত এই কর্মসূচিটি সোমবার থেকে চালু করতে যাচ্ছে, যার প্রধান উদ্দেশ্য হলো মোবাইল ফোন যেন খেলোয়াড়দের মনোযোগকে প্রভাবিত না করে। ক্লাব কর্তৃপক্ষের বিশ্বাস, যদিও ফোন অ্যাকাডেমির তরুণদের জন্য বিনোদন, যোগাযোগ ও সামাজিকতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, তবে এর অতিরিক্ত ব্যবহার তাদের মনোনিবেশে মারাত্মক ব্যাঘাত ঘটাতে পারে।
ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞার উদ্যোগের মধ্যেই পিএসজির এই ডিজিটাল ডিটক্স কর্মসূচি অ্যাকাডেমিতে সংযুক্ত হচ্ছে। ক্লাবটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, একজন তরুণ ফুটবলারের সামগ্রিক উন্নতি কেবল মাঠে বল নিয়ন্ত্রণ শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। মাঠের বাইরে কীভাবে সময়কে ফলপ্রসূভাবে ব্যবহার করতে হবে এবং নিজেদের মনোযোগ ধরে রাখতে হবে, সে বিষয়েও তাদের শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি।
এই গভীর চিন্তাভাবনা থেকেই পিএসজি তাদের তরুণ ফুটবলারদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করে মাঠের বাইরেও সুশৃঙ্খলা ও একাগ্রতা তৈরিতে সচেষ্ট হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
৮ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও
১ দিন আগে