সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ভারতের অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের | শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি অসত্য
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক এক দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। অমিত শাহ বলেছিলেন যে, গত ১২ আগস্ট ভারতের ১৪টি রাজ্যে পরিচালিত এক অভিযানে নিরাপত্তা সংস্থাগুলো পাকিস্তানের সঙ্গে জড়িত সন্দেহে ২০০ জনের বেশি 'সন্ত্রাসীকে' গ্রেপ্তার করেছে। ভারতের স্বাধীনতা দিবসের মাত্র তিন দিন আগে এই অভিযান চালানো হয়েছিল বলে দাবি করা হয়।
পাকিস্তান এই অভিযোগকে সম্পূর্ণ অসত্য ও বিদ্বেষপূর্ণ প্রচারণা হিসেবে আখ্যায়িত করেছে। পাকিস্তানের দাবি, নয়াদিল্লি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য এমন ভিত্তিহীন অভিযোগ করছে। অনলাইন জিও নিউজের খবরে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক বিবৃতিতে উল্লেখ করেছেন, পাকিস্তান এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। তিনি ভারতকে অভিযুক্ত করে বলেন যে, ভারত অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে পাকিস্তানবিরোধী প্রচারণা চালাচ্ছে, যা প্রকৃতপক্ষে ভারতবিরোধী নয়।
আন্দ্রাবি আরও স্পষ্ট করে বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক কিছু গ্রেপ্তারের সঙ্গে পাকিস্তানকে যুক্ত করার অভিযোগ ইসলামাবাদ কঠোরভাবে প্রত্যাখ্যান করে।
অমিত শাহের দাবি অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা 'শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক' নামক একটি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট এবং তাদের গ্রেপ্তারের মাধ্যমে বড় ধরনের নাশকতামূলক হামলা ঠেকানো সম্ভব হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ধরনের প্রচারণাকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের 'বিদ্বেষপূর্ণ প্রচারণার' আরেকটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি যোগ করেন যে, এর মাধ্যমে ভারত একদিকে যেমন নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট থেকে জনগণের মনোযোগ সরাতে চাইছে, তেমনি সীমিত অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে পাকিস্তানকে দায়ী করার অপচেষ্টা চালাচ্ছে।
আন্দ্রাবি ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, ভারত একটি দমনমূলক রাষ্ট্র, যেখানে সংখ্যালঘুদের ওপর নির্মমভাবে নিপীড়ন চালানো হচ্ছে এবং ভিন্নমতকে কঠোরভাবে দমন করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে, আন্তর্জাতিক অঙ্গনে ভারত সন্ত্রাস রপ্তানি করছে এবং সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে।
আন্দ্রাবির মতে, ভারতের এই ভিত্তিহীন অভিযোগ বা ইঙ্গিত আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ, টার্গেট কিলিং এবং বিদেশের মাটিতে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সরাতে পারবে না। তিনি জানান, পাকিস্তান বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের জড়িত থাকার প্রমাণ উপস্থাপন করেছে।