সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বার সভাপতির মন্তব্যে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ | আপিল বিভাগে চাঞ্চল্য
আইনজীবীদের আয় কমে যাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির মন্তব্যের জেরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও আপিল বিভাগের অপর চার বিচারক এজলাস ছেড়ে গেছেন। মঙ্গলবার দুপুর ১২টার পর নিকাহ রেজিস্ট্রার নিয়োগ-সংক্রান্ত একাধিক রিটের আপিল শুনানিকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
জানা যায়, শুনানির একপর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন যে, তিনি প্রধান বিচারপতি হওয়ার পর থেকে আইনজীবীদের সামগ্রিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে, তথ্য গোপনের অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশপ্রাপ্ত এক জুনিয়র আইনজীবীর প্রতি নমনীয়তা প্রদর্শনের জন্যও তিনি আর্জি জানান। বার সভাপতির এমন মন্তব্যের পরপরই প্রধান বিচারপতি ও তার সঙ্গে থাকা চার আপিল বিভাগের বিচারক এজলাস ত্যাগ করেন।
তবে উল্লেখ্য যে, চলতি বছরের ৭ জানুয়ারি থেকে আদালতকক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ঘটনার সময় কোনো গণমাধ্যমকর্মী সেখানে উপস্থিত ছিলেন না।