সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে ডাকটিকিট ও প্রাচীন মুদ্রার প্রদর্শনী | শিক্ষার্থীদের অতীত ইতিহাস চেনানোর উদ্যোগ
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে ডাকটিকিট, ঐতিহাসিক মুদ্রা এবং প্রাচীন দুর্লভ সামগ্রীর (এন্টিক) এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এই ব্যতিক্রমী প্রদর্শনীর দুয়ার উন্মোচন করা হয়।
এবারের প্রদর্শনীতে দেশ-বিদেশের বিভিন্ন আমলের ঐতিহাসিক ডাকটিকিট, প্রাচীন ধাতব মুদ্রা, কাগজের নোটসহ বহু প্রাচীন ও দুষ্প্রাপ্য সামগ্রী প্রদর্শন করা হয়। এসব সংগৃহীত ঐতিহাসিক নিদর্শন দেখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে ইতিহাস জানার কৌতূহল জাগ্রত করতে এবং অতীত সমাজ ও সংস্কৃতির পাশাপাশি দেশি-বিদেশি প্রাচীন মুদ্রা ও ডাকটিকিটের সাথে প্রত্যক্ষ পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বি সি বিশ্বাস, বিদ্যালয়টির পরিচালক ইসাহাক আলী, প্রধান শিক্ষিকা লিজা ফেরদৌস, মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির পরিচালক শাহিনুর আলম লিটনসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।