সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুর জেলা বিএনপি কমিটি অক্ষত, এআই দিয়ে ভাঙনের গুজব | অ্যাডভোকেট কামরুল হাসান
মেহেরপুর জেলা বিএনপির কমিটি ভাঙনের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। তিনি জোর দিয়ে বলেছেন, “অন্য কেউ যদি কাল বা পরশু কমিটি ভেঙে যাবে বলে, তা বিশ্বাস করার কোনো কারণ নেই। কেউ যদি হাজার বছর পার্টি অফিসে বসে চাল-ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খায়, আর বলে কমিটি ভাঙবে, তবুও এই কমিটি ভাঙা কোনোভাবেই সম্ভব নয়।”
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের জাদুখালী স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। মেহেরপুর-১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “আপনারা গতকাল ফেসবুকে দেখেছেন, আমাদের আরেক নেতা মাসুদ অরুণ বেগম খালেদা জিয়ার মাথায় মাথা রেখেছেন। এটি কি বিশ্বাসযোগ্য? এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে। কারণ, এআইয়ের মাধ্যমে তারা কমিটি ভাঙতে চায়। যা বিশ্বাসযোগ্য নয়, সেটিকেই তারা বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করতে চায়।”
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বিএনপিকে হিমালয় পর্বতের মতো বিশাল ও শক্তিশালী একটি রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ এই দলটির শিকড় অত্যন্ত গভীরে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যে কোনো ফাটল ধরেনি। তিনি আরও বলেন, “হিমালয় থেকে এক টুকরো বরফ খসে পড়লে যেমন হিমালয়ের বিশালত্ব কমে যায় না, তেমনি বিচ্ছিন্ন কিছু ঘটনা দিয়ে বিএনপির শক্তি ও অবস্থান দুর্বল করা সম্ভব নয়।”
পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিন্টু আলীর সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা।