সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সান্তাহারে বসুন্ধরা শুভসংঘের বিভাগীয় সম্মেলন | ৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা
বগুড়ার সান্তাহারে ‘চলি মানবতার সাথে’ স্লোগান সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলার শখের পল্লীর হীরাঝিল কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে দুই বিভাগের ১৬টি জেলা থেকে তিন শতাধিক স্বেচ্ছাসেবী প্রতিনিধি অংশ নেন। মানবিক সেবা, সামাজিক দায়িত্ববোধ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর নতুন অঙ্গীকারে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বসুন্ধরা শুভসংঘ কেবল সাধারণ কোনো সংগঠন নয়; এটি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার একটি বলিষ্ঠ অঙ্গীকার। তরুণ সমাজকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মো. সাদেকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও শখের পল্লীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এবং বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লিমন বাসার।
আয়োজনে সামাজিক সেবা ও সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুই বিভাগের ৬৫ জন তরুণ প্রতিনিধিকে ‘সেরা সংগঠক সম্মাননা স্মারক’ ও সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে সাংবাদিকতায় অবদান রাখায় জ্যেষ্ঠ সাংবাদিক লিমন বাসার ও প্রবীণ সাংবাদিক আলহাজ রফিকুল ইসলাম মন্টুকে কৃতী সাংবাদিক সম্মাননায় ভূষিত করা হয়।