সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ সিরাপ এবং কীটনাশক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৯ সেপ্টেম্বর পৃথক দুটি সফল অভিযানে এসব মালামাল জব্দ করা হয়, যা বুধবার (৩০ সেপ্টেম্বর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৯ সেপ্টেম্বর বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর রাজপুর বিওপি'র একটি দল হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-৭১/৯-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের আল আমিনের আখ ক্ষেতের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ডোরেক্স সেরেক্স কফ সিরাপ (Dorex Cerex Cough Syrup) উদ্ধার করা হয়।
একই দিনে দুপুর ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের গয়েশপুর বিওপি'র নায়েক মোঃ লুৎফরের নেতৃত্বে চোরাচালান বিরোধী আরেকটি অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার-৬৯-এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের জাহাঙ্গীরের আম বাগানের মধ্য থেকে আসামীবিহীন ৪৩ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়।
উভয় অভিযান থেকে উদ্ধারকৃত ভারতীয় সিরাপ ও কীটনাশক বর্তমানে বিজিবি'র সংরক্ষণাগারে জমা রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় কোনো চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি।