সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে অবৈধ সার মজুতের দায়ে ডিলারকে জরিমানা, ৩০ বস্তা টিএসপি কৃষকদের হাতে
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে বিএডিসি’র এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মজুতকৃত ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার সকালে বিষয়খালী বাজারের মেসার্স সৌভিক এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে উদ্ধার করা ৩০ বস্তা টিএসপি সার তাৎক্ষণিকভাবে সরকারি মূল্যে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়, যা বাজারে সারের কৃত্রিম সংকট রোধে সহায়ক হয়েছে।
অভিযান শেষে জরিমানার ১০ হাজার টাকা এবং সার বিক্রির অর্থসহ মোট ৫০ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা এই প্রসঙ্গে বলেন, “কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত রাখা কিংবা কৃত্রিম সংকট তৈরি করার কোনো সুযোগ নেই। কৃষকরা যেন সরকার নির্ধারিত মূল্যে সময়মতো সার পান, তা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে বাজার ও ডিলারদের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছি। যেকোনো অনিয়ম পরিলক্ষিত হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”