সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | হত্যা দাবি স্বজনদের, পলাতক অভিযুক্ত
ঝিনাইদহ শহরের কোরাপাড়া এলাকা থেকে শিখা (২২) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোরাপাড়ার জনৈক মুকুলের বাসা থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহটি উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য।
প্রতিবেশীরা দাবি করছেন, মুকুল শিখাকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে থাকতে পারেন। শিখা সদর উপজেলার সাধুহাটি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, কোরাপাড়া গ্রামের হাকিম মেম্বরের ছেলে ও গ্রিল মিস্ত্রি মুকুল একজন নারী লোভী হিসেবে পরিচিত। বিভিন্ন সময় সে নারীদের নিজ বাড়িতে এনে আনন্দ ফুর্তি করতো। গত রবিবার (৪ অক্টোবর) রাতে মুকুল শিখাকে নিজ বাড়িতে নিয়ে আসে এবং এমনকি বাসর ঘরও সাজায় বলে জানা গেছে। এর দুই দিন পর ওই কক্ষেরই আড়ার সঙ্গে শিখার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।
প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, শিখা নিজেকে মুকুলের মামাতো বোন পরিচয় দিয়ে তার বাসায় ওঠে। তবে মুকুলের সঙ্গে তার দূরতম কোনো সম্পর্ক ছিল না। ঢাকা থেকে বাসে আসার পথে তাদের পরিচয় হয় এবং এ সময় মুকুল শিখাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে। প্রতিবেশীরা ধারণা করছেন, বাড়িতে আসার পর বিয়ে নিয়ে উচ্চবাচ্য বা মতবিরোধ হওয়ার ফলেই এমন ঘটনা ঘটতে পারে।
শিখার পিতা শহিদুল ইসলাম জানান, মেয়ের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না, মাঝেমধ্যে মোবাইলে কথা হতো। তিনি জানান, শিখার এক জায়গায় বিয়ে হয়েছিল কিন্তু সে ঘর করেনি। সেখান থেকে প্রবাসি এক ছেলের সঙ্গে তার সম্পর্ক হয়। এসব কারণে মেয়ের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন না। তবে পিতার আশঙ্কা, শিখাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বিষয়টি নিয়ে শিখার মামা তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর মুকুল নিজেকে শিখার অচেনা বলে দাবি করে, অথচ তার ঘর থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে। শিখার শরীরে ছেঁড়া জামাকাপড় ছিল, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে। এছাড়া লাশ উদ্ধারের সময় মুকুল পুলিশ দেখে পালিয়ে যায়। তাই তরিকুল ইসলাম ও তার স্বজনদের দৃঢ় সন্দেহ, শিখাকে হত্যা করা হয়েছে। তরিকুল আরও বলেন, ঢাকা থেকে আসার পর লম্পট মুকুল শিখাকে ফোন করে বাসায় ডেকে নেয়। দু’জনের মোবাইলের কললিস্ট পরীক্ষা করলে হত্যার মূল উদ্দেশ্য জানা যাবে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রোকনুজ্জামান বলেন, ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।