সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে ৩ নেতা আটক
ঢাকা: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ঢাকার সাভারের আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত শ্রমিক নেতারা হলেন- জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।
ওসি সাইদুল ইসলাম জানান, চলমান শ্রমিক আন্দোলনে উত্তেজনা সৃষ্টিতে উসকানি দেওয়ার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, মো. শামীমকে জিরাবো এলাকা থেকে এবং মো. হালিম ও মো. মনসুরকে বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।