সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার দাখিলকৃত নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে চরম অসঙ্গতি, ভুল এবং তথ্য গোপনের অভিযোগ উঠেছে। বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া এই আবেদনে এমপি আমির হামজার দাখিল করা নির্বাচনী হলফনামা, ব্যাংক হিসাব, আয়কর বিবরণী, স্থাবর-অস্থাবর সম্পদ এবং নির্বাচনী ব্যয়ের নথিপত্রে নানা অসঙ্গতির কথা তুলে ধরা হয়।
অভিযোগকারীর দাবি অনুযায়ী, প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্যের সঙ্গে আয়কর রিটার্ন এবং বাস্তবে প্রাপ্ত অন্যান্য নথির বড় ধরণের গরমিল পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে নগদ টাকা, ব্যাংক স্থিতি, বাড়ি ও কৃষিজমির পরিমাণ, স্ত্রীর অর্জিত সম্পদ, গৃহভাড়া বাবদ আয়, ব্যবহৃত গাড়ি, পারিবারিক ও নির্বাচন পরিচালনার খরচের হিসাবে একাধিক অমিল ধরা পড়েছে।
আবেদনে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, প্রার্থীর আয়কর বিবরণীতে ব্যাংকের ব্যালেন্স শূন্য উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে ওই সময় ব্যাংকে মোটা অংকের টাকা জমা ছিল। পাশাপাশি হলফনামায় দেখানো নগদ অর্থ ও আয়কর বিবরণীর তথ্যের মধ্যেও পার্থক্য রয়েছে।
এছাড়া, এমপি আমির হামজার স্ত্রীর আয়কর রিটার্ন প্রকাশ না করা, তাঁর নামে থাকা কৃষিজমি ও অন্যান্য স্থাবর সম্পদের তথ্য গোপন রাখা এবং কুষ্টিয়া শহরে নিজের নামে থাকা একটি আবাসিক প্লটের তথ্য হলফনামায় উল্লেখ না করার গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর পাশাপাশি ব্যবহৃত যানবাহনের মূল্যায়নে বৈষম্য, সোনাদানার হিসাব এবং পারিবারিক ব্যয়ের চিত্রেও অনিয়মের দাবি তোলা হয়েছে।
আবেদনকারী সিরাজুল ইসলাম গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ৯১(৫) ধারা অনুযায়ী এই অভিযোগের নিরপেক্ষ ও বিধিসম্মত তদন্ত দাবি করেছেন। তদন্তে সত্যতা মিললে ৯১(২) ধারা মোতাবেক সংসদ সদস্যের প্রার্থিতা অবৈধ ঘোষণা ও নির্বাচন বাতিলের আর্জি জানান তিনি। ওই আবেদনের সঙ্গে নির্বাচন কমিশনকে হলফনামা, আয়কর রিটার্ন, গাড়ির নিবন্ধন নথি ও সম্পত্তিসংক্রান্ত দলিলের অনুলিপি সংযুক্ত করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে আবেদনকারী সিরাজুল ইসলাম জানান, সচেতন নাগরিক হিসেবে সত্য উন্মোচনের উদ্দেশ্যেই তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।