সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সাংবাদিকের দুই বছরের কারাদণ্ড
মার্কিন সাংবাদিক থমাস পকেন দ্বিতীয়কে চীনা সরকারের হয়ে যুক্তরাষ্ট্রে ‘গোপন তথ্য’ সংগ্রহে সহায়তা করার অভিযোগে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মার্কিন গণমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
৫০ বছর বয়সী পকেনকে গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের একটি হোটেল থেকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) গ্রেপ্তার করে। অভিযোগ ছিল, তিনি ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে চীনের এক নারীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যাকে পকেন চীনা গোয়েন্দা এজেন্ট বলে সন্দেহ করতেন। গত জুনে চীনের একজন অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ তিনি আদালতে স্বীকার করেন।
বেইজিংয়ে বসবাসকারী পকেন এর আগে বিভিন্ন চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় সম্পাদক ও ভাষ্যকার হিসেবে কর্মরত ছিলেন। মার্কিন সরকারি আইনজীবী এলি রস আদালতে জানান, বিগত সাত বছর ধরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নিয়ে প্রতিবেদন তৈরির বিনিময়ে চীনা সরকার পকেনকে ১ লাখ ডলার প্রদান করেছে। তার চীনা 'হ্যান্ডলার' তাকে লাই-ডিটেক্টর পরীক্ষাও করিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে, তার প্রতিবেদনগুলো চীনের শীর্ষ নেতৃত্ব, এমনকি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছেও পৌঁছাতো।
আইনজীবী রস আরও জানান, পকেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে তার হ্যান্ডলারের যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যার মধ্যে ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা অন্যতম।
একপর্যায়ে এফবিআই পকেনকে ‘ডাবল এজেন্ট’ হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। যদিও তিনি তদন্তকারীদের কাছে চীনের হয়ে কাজ করার কথা স্বীকার করেছিলেন, তবে তিনি পরে তাদের নির্দেশনা মানেননি এবং চীনা হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন।
যুক্তরাষ্ট্রের সরকারি আইনজীবী এবং প্রতিরক্ষা পক্ষ উভয়ই এই বিষয়ে একমত যে, পকেন সরাসরি কোনো গোপন তথ্য চীনের হাতে তুলে দেননি। তবে আদালতে পকেন তার বক্তব্যে বলেন, “আমি অনেক গোপন তথ্য জেনেছিলাম এবং এসব তথ্য চীনাদের জানিয়েছিলাম।” নিজের এই কাজকে 'ভুল' ও 'ভয়াবহ' উল্লেখ করে তিনি জানান, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক উন্নত করার উদ্দেশ্যেই তিনি এসব করেছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
রিয়াদের বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ২৪; বিস্তারিত পরিচয় প্রকাশ
১ সপ্তাহ আগে
মেহেরপুরের রংমহল সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, ৬ জনকে ফেরত নিল বিএসএফ
১ সপ্তাহ আগে
দিল্লিতে ২৪ ঘণ্টা মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত
১ সপ্তাহ আগে