মেহেরপুরের রংমহল সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, ৬ জনকে ফেরত নিল বিএসএফ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের রংমহল সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, ৬ জনকে ফেরত নিল বিএসএফ
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর প্রতিরোধের মুখে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে প্রায় সাড়ে চার ঘণ্টা পর ওই ছয়জনকে ফেরত নিয়ে যায় বিএসএফ।
রোববার (১১ অক্টোবর) ভোরে সীমান্তের ১৩৭ নম্বর পিলারের কাছ দিয়ে তাদের বাংলাদেশি ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করা হয়। পুশইনের শিকার ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ ছিলেন।
রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিল্লাল হোসেন জানান, ভোরে সীমান্তের ১৩৭ নম্বর পিলারের কাছ দিয়ে কয়েকজনকে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিহত করে।
তিনি বলেন, কোনোভাবেই তাদের বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিল। বিজিবি সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সেখানে অবস্থান করে পুশইন ঠেকিয়ে দেন।
বিজিবির প্রতিরোধের মুখে প্রায় সাড়ে ৮টার দিকে ওই ছয়জনকে ফেরত নিয়ে যায় বিএসএফ। এ সময় সীমান্তের গেট দিয়ে তাদের একটি অটোরিকশায় তুলে নিয়ে যেতে দেখা যায়। পরে অটোরিকশাটি বিএসএফ ক্যাম্পের দিকে চলে যায়।
স্থানীয়রা জানান, সীমান্তে কুয়াশার সুযোগ নিয়ে বিএসএফের পক্ষ থেকে পুশইনের চেষ্টা করা হলেও বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তা ব্যর্থ হয়।