সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন | প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষের নির্দেশ উপাচার্যের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আসন্ন ৫ম সমাবর্তন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে গঠিত বিভিন্ন উপকমিটির কার্যক্রম দ্রুত ত্বরান্বিত করার নির্দেশনা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। একই সঙ্গে কমিটিগুলোর মধ্যে নিবিড় সমন্বয় বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে তাগিদ দিয়েছেন তিনি।
১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সমাবর্তন উদযাপন উপলক্ষে গঠিত উপকমিটিসমূহের আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে আয়োজিত এক পর্যালোচনা সভায় উপাচার্য এসব কথা বলেন। সভায় আসন্ন শীতকালীন ছুটি শুরুর আগেই অর্পিত দায়িত্ব দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তিনি। আগামী ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপাচার্য তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সমাবর্তন কোনো সাধারণ অনুষ্ঠান নয়, এটি রাষ্ট্রীয় পর্যায়ের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইভেন্ট। এর সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও সংস্থার সম্পৃক্ততা থাকে। ফলে এখানে কোনো ধরনের সমন্বয়হীনতা বা অব্যবস্থাপনার সুযোগ রাখা যাবে না। শীতকালীন ছুটির বিষয়টি মাথায় রেখে ডিসেম্বর মাসের মধ্যে প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কমিটির দায়িত্ব পালনের বিষয়ে ড. মতিনুর রহমান বলেন, কোনো সদস্য যদি ব্যস্ততার কারণে পর্যাপ্ত সময় দিতে না পারেন, তবে তা আগেই আহ্বায়ককে জানাতে হবে, যাতে প্রয়োজনে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা যায়। এছাড়া আবাসিক, পরিবহন, উপহার, নিরাপত্তা ও প্রোক্টোরিয়াল টিমের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
সভায় জানানো হয়, সমাবর্তনে আনুমানিক ১০ হাজার প্রতিযোগী ও অতিথি অংশ নিতে পারেন, যা নিবন্ধনের কাজ শেষ হলে চূড়ান্ত হবে। সভায় অতিথিদের অভ্যর্থনা, নিরাপত্তা ব্যবস্থাপনা, ভিআইপি পাস, বাজেট পুনর্বিন্যাস এবং আগের সমাবর্তনের সনদের আদলে সনদ তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
উপাচার্য কমিটির পুনর্গঠন ও কাজের সুবিধার্থে প্রবীণ ও অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নেওয়ার ওপর জোর দেন। এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আতিকুর রহমানসহ সমাবর্তন পরিচালনা কমিটিগুলোর বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার
১৮ ঘন্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে
১ দিন আগে
পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট
২ দিন আগে