সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ; গঠিত তদন্ত কমিটি
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মজিবুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও হয়রানির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এই ঘটনায় উপজেলা প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের কাছে তাদের অভিযোগ পেশ করে। ইউএনও শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ইউএনও আরও জানান যে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তিনি ইতোমধ্যে দুই দফায় সরেজমিনে তদন্ত করেছেন এবং অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পেয়েছেন। বিষয়টি আরও যাচাই-বাছাই ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুবেদ সরকারকে আহ্বায়ক, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেনকে সদস্য সচিব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজারকে সদস্য করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও উল্লেখ করেন। পরবর্তীতে তার আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করে।
এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক এস এম মজিবুর রহমান। তদন্তের বিষয়ে তার মন্তব্য, “ইউএনওর কাজ ইউএনও করবেন, আর আমি আমার কাজ করব।”
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউএনও মো. হাসিবুল হাসান গণমাধ্যমকে জানান, বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সকল অর্থ ব্যাংকে জমা রাখার কথা এবং সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিধান রয়েছে। তবে অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষক নিয়মনীতি অনুসরণ না করে একক স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা তুলেছেন এবং অধিকাংশ ক্ষেত্রে টাকা ব্যাংকে জমা না রেখে নিজের ইচ্ছামতো খরচ করেছেন। তিনি আরও বলেন, “এ বিষয়ে ভয়াবহ দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। প্রতিবেদন পাওয়ার পর প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সাফল্যের জয়গান: আলমডাঙ্গা একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের রাজসিক সংবর্ধনা
৫ দিন আগে
সমাজসেবক, শিক্ষানুরাগী, লেখক, ও চিকিৎসক ডা. আবদুস সাত্তারের বর্ণাঢ্য কর্মময় জীবন
৫ দিন আগেযুক্তরাষ্ট্রে এসিআই মর্টার ওয়ার্কেবিলিটি প্রতিযোগিতায় চুয়েট দলের গৌরবময় প্রথম স্থান
৬ দিন আগে