সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
যুক্তরাষ্ট্রে এসিআই মর্টার ওয়ার্কেবিলিটি প্রতিযোগিতায় চুয়েট দলের গৌরবময় প্রথম স্থান
যুক্তরাষ্ট্রের আটলান্টায় আয়োজিত সম্মানজনক ‘আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট’ (এসিআই) শরৎকালীন মর্টার ওয়ার্কেবিলিটি প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের একটি দল। বৈশ্বিক এই প্রতিযোগিতায় সামগ্রিক মূল্যায়নে প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করে তারা। গত রোববার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪০টি নামিদামি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) একটি দল সামগ্রিকভাবে চতুর্থ স্থানে রয়েছে। সব মিলিয়ে এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের দুটি দল আন্তর্জাতিক এই প্রতিযোগিতা থেকে চারটি পুরস্কার ছিনিয়ে এনেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য মূল চ্যালেঞ্জ ছিল এমন একটি বালু-সিমেন্টের মিশ্রণ বা ডিজাইন তৈরি করা, যা দ্রুত প্রবাহিত হওয়ার পাশাপাশি টেকসই ও স্থিতিশীল থাকবে এবং উৎপাদন খরচ ও কার্বন নিঃসরণের পরিমাণ থাকবে ন্যূনতম। দলগুলোর যোগ্যতা নির্ধারণে মিশ্রণের প্রবাহ ক্ষমতা, অবক্ষেপণ, কারিগরি প্রস্তাবনা, প্রাক্কলিত ব্যয় এবং গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল ইত্যাদি বিষয় সতর্কতার সঙ্গে বিবেচনা করা হয়।
চুয়েট দল সামগ্রিক পারফরম্যান্সে শীর্ষ স্থান দখলের পাশাপাশি ব্যয়সাশ্রয়ী ডিজাইন ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে। অন্যদিকে, আইইউটি দল পরিবেশবান্ধব নকশা বিভাগে দ্বিতীয় এবং কংক্রিটের সৌন্দর্য ও নান্দনিকতা বিচারক পছন্দের ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান লাভ করে।
চুয়েট প্রতিনিধি দলের ফ্যাকাল্টি উপদেষ্টা ছিলেন এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক জি এম সাদিকুল ইসলাম। আইইউটি দলের উপদেষ্টার দায়িত্ব পালন করেন চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মো. তারেক উদ্দিন। এছাড়া আটলান্টায় আয়োজিত এই প্রতিযোগিতায় বুয়েটের অধ্যাপক ও এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক সাইফুল আমিন শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন।
বিজয়ী চুয়েট দলের সদস্যরা হলেন— ফাহাদ আলম, সানি উল হক, রূপম পোদ্দার, তানজিম মুসাররাত তুষিন, মো. সাইজুদ্দিন ফরহাদ, সরূপ চন্দ্র মোদক, সুমাইয়া বিনতে মান্নান এবং সৈয়দ মো. আমির হামজা মাহমুদ মাহাদী। অন্যদিকে আইইউটি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরিনা তাহরিন আমিন, রাজিত মুহাম্মদ চৌধুরী, জাসিয়া জুবায়ের, লামিয়া তাবাসসুম, এস এম রাগিব শাহরিয়ার, মো. হুমায়েদ তাহসিন হক, মো. মাহাদী হাসান নিলয় ও মো. জুহায়ের আনজুম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সাফল্যের জয়গান: আলমডাঙ্গা একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের রাজসিক সংবর্ধনা
৪ দিন আগে
সমাজসেবক, শিক্ষানুরাগী, লেখক, ও চিকিৎসক ডা. আবদুস সাত্তারের বর্ণাঢ্য কর্মময় জীবন
৪ দিন আগে
আলমডাঙ্গায় ২০২৬-২৭ অর্থবছরে উপজেলা পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও ফুটবল, ক্লাবের জন্য ফুটবল ও জার্সি বিতরণ
৬ দিন আগে