সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটিক পার্টি
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বুধবারের (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট হয়ে ওঠে। ১০০ আসনের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দলটির বাড়তি ৪টি আসনের প্রয়োজন ছিল। সাম্প্রতিক গণনা শেষে তারা অন্তত ৫১টি আসন নিশ্চিত করেছে। এর মাধ্যমে ২০২৪ সালের নির্বাচনে সিনেট, প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্সিতে যে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল রিপাবলিকানরা, তাতে বড় ধরনের পরিবর্তন ঘটল।
এবারের নির্বাচনে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে নাটকীয় পরিবর্তনের চিত্র দেখা গেছে। সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ হারিয়ে দিয়েছেন রিপাবলিকান ডারলিন গ্রাহামকে। নর্থ ক্যারোলাইনায় জয় ছিনিয়ে নিয়েছেন সাবেক গভর্নর রয় কুপার। অন্যদিকে টেক্সাসে রিপাবলিকান নেতা কেন প্যাক্সটনকে পরাজিত করে চমক দেখিয়েছেন জেমস ট্যালারিকো। এছাড়া ওহাইওতে শেরড ব্রাউন এবং ক্যানসাসে জয়লাভ করেছেন অ্যাডাম হ্যামিল্টন।
বিশেষ করে ক্যানসাসে ডেমোক্র্যাট দলের এই জয় ঐতিহাসিক হিসেবে গণ্য হচ্ছে। কারণ ১৯৩২ সালের পর এবারই প্রথম রাজ্যটিতে কোনো ডেমোক্র্যাট প্রতিনিধি সিনেটর হিসেবে নির্বাচিত হলেন। বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় হ্যামিল্টন বলেন, ওয়াশিংটনের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে রিপাবলিকান, ডেমোক্র্যাট ও স্বতন্ত্র—সব শ্রেণির সাধারণ মানুষের ক্ষোভই তার এই ঐতিহাসিক জয়ের মূল নিয়ামক ছিল।
উল্লেখ্য, এবার ৩৩টি নিয়মিত এবং ২টি বিশেষ আসনসহ মোট ৩৫টি সিনেট আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে জর্জিয়ায় জন ওসফ এবং ভার্জিনিয়ায় মার্ক ওয়ার্নার তাদের নিজ নিজ আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন। সিনেটের নিয়ন্ত্রণ হাতবদল হওয়ায় ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ আইনি প্রস্তাব ও নীতিনির্ধারণের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের অবস্থান অনেক বেশি শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।