সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ইসরায়েলে সরকার গঠনে সংকট | আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা
ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে কোনো একক দল বা জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে নতুন করে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আরব দলগুলোকে বাদ দিয়ে একটি ‘বৃহত্তর জাতীয় সরকার’ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে, বিরোধী শিবির গাদি আইজেনকটকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে বৈঠকে বসেছে।
নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সবচেয়ে বেশি আসন পেলেও তা সরকার গঠনের জন্য পর্যাপ্ত নয়। ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে, যার মধ্যে তাঁর নিজ দল লিকুদ পার্টির আসন ২৭টি। অপরপক্ষে, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ঝুলিতে পুরেছে ৪৮টি আসন। এই সমীকরণে রেকর্ড ১৯টি আসন পেয়ে সরকার গঠনের চাবিকাঠি এখন আরব দলগুলোর হাতে।
লিকুদ পার্টির অফিশিয়াল যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু দাবি করেন, ইহুদি সংখ্যাগরিষ্ঠ জনগণ তাঁকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি জানান, সন্ত্রাসবাদকে সমর্থন করে না এমন যেকোনো দলকে সঙ্গে নিয়ে তিনি একটি শক্তিশালী ও বিস্তৃত জাতীয় সরকার গঠন করতে আগ্রহী। তবে আরব দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করে দিয়ে তিনি তাদের বিরুদ্ধে ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকারের অভিযোগ তোলেন।
এদিকে, আরব দলগুলোকে পাশে রেখে সরকার গঠনের কৌশল চূড়ান্ত করতে বিরোধী দলগুলো হার্জলিয়ায় আলোচনায় বসেছে। আইজেনকটের দল ‘ইয়াশার’ জানিয়েছে, জোটের শরিকরা তাঁকে সরকারপ্রধান করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। আরব দলগুলোও ইঙ্গিত দিয়েছে যে তারা আইজেনকটকে সমর্থন জানাতে পারে, যা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে দূরে রাখার প্রক্রিয়া সহজ করতে পারে।