সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’ | আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি চাঞ্চল্যকর ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
পোস্টের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি আলোকচিত্র প্রকাশ করেন আসিফ মাহমুদ। ছবিতে তার পাশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখতে পাওয়া যায়।
তবে তারা ঠিক কোথায় ভ্রমণ করছেন বা কোন উদ্দেশ্যে যাচ্ছেন, সে বিষয়ে ফেসবুক পোস্টে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি কোন প্রেক্ষাপটে উল্লেখ করা হয়েছে, তাও পরিষ্কার করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টটি প্রকাশিত হওয়ার পর তা নিয়ে ব্যাপক চর্চা ও কৌতূহল তৈরি হয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় ৬৪ হাজার রিঅ্যাকশন দেখা গেছে।