সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর দুটি ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (৩ নভেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের তাসনিম বার্তা সংস্থার বরাতে জানা যায়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা প্রয়োগ করে এমকিউএম-১৭০ মডেলের ড্রোন দুটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এর মাধ্যমে মার্কিন ড্রোনগুলোকে তাদের নির্ধারিত মিশন সম্পন্ন করতে বাধা দেওয়া সম্ভব হয়েছে। এই নতুন দুটি ড্রোনসহ বর্তমানে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে আসা একই মডেলের মার্কিন ড্রোনের সংখ্যা চারে দাঁড়াল বলে দাবি করা হলেও ঘটনার বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গত সপ্তাহেও অনুরূপ দুটি ঘটনার দাবি করেছিল তেহরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, গত শুক্রবার কেশম দ্বীপের আকাশসীমায় ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে একই ধরনের একটি ড্রোন ভূপাতিত করা হয়। এর আগের দিন হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে অপর একটি ড্রোন নিয়ন্ত্রণে নিয়ে অক্ষত অবস্থায় অবতরণ করানোর দাবি করে আইআরজিসি নেভি। তবে মার্কিন সামরিক পক্ষ থেকে ইরানের এসব দাবি অস্বীকার করা হয়েছে।
সামরিক উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ চালু রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, দুই দেশ তৃতীয় পক্ষের মাধ্যমে তথ্য আদান-প্রদান করছে। কাতারের মধ্যস্থতায় আলোচনা সামনে এগিয়ে নিতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি দোহা সফর করেছেন বলেও নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর হলেও হরমুজ প্রণালির সার্বিক নিরাপত্তা ও নৌ চলাচল ইস্যুতে দুই পক্ষের দ্বিমত রয়েই গেছে।