লগইন
“কাজের সুযোগ হারালে খুব খারাপ লাগবে”
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ | ১০:০২ রাত ৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিনোদন
মাতৃত্বের পর ক্যারিয়ার নিয়ে পরিণীতি | “কাজের সুযোগ হারালে খুব খারাপ লাগবে”

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার জীবনে মাতৃত্ব এক নতুন মাত্রা এনে দিয়েছে। বর্তমানে তার সব পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকে ছোট্ট ছেলে নীর। তবে, মাতৃত্বের কারণে তিনি তার অভিনয়জীবন থেকে বিরতি নিতে নারাজ; বরং সংসার ও সন্তানের দায়িত্ব সামলে আরও ভালো ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চান। অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর শুটিং সম্পন্ন করেছেন। সম্প্রতি মুম্বাইয়ে নেটফ্লিক্সের কার্যালয়ে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্যের সঙ্গে এক আলাপচারিতায় পরিণীতি তার নতুন সিরিজ, মাতৃত্বের অভিজ্ঞতা, অভিনয়জীবনের চ্যালেঞ্জ এবং রাজনীতিবিদ স্বামী রাঘব চাড্ডার সঙ্গে তার সংসার জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন।

আলাপের শুরুতেই পরিণীতি ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজের চিত্রনাট্য হাতে পাওয়ার অভিজ্ঞতা জানান। তিনি বলেন, “আমি প্রচুর বই পড়ি, এটা আমার অন্যতম অভ্যাস। কিন্তু চিত্রনাট্য পড়ার সময় মাঝেমধ্যে মন অন্যদিকে চলে যায়। তাই সাধারণত কাউকে পড়ে শোনাতে বলি। সিদ্ধার্থ পি মালহোত্রা ও রেনসিল স্যার যখন চিত্রনাট্যটি পাঠালেন, তখন আমি শহরের বাইরে ছিলাম। ভেবেছিলাম, শেষ করতে দু-তিন দিন লাগবে। অথচ আড়াই ঘণ্টায় এক বসায় পুরোটা পড়ে ফেলি। শেষ পাতা পড়েই মনে হয়েছিল, আমাকে এই সিরিজে অভিনয় করতেই হবে।”

শুধু গল্পের গভীরতা নয়, এই সিরিজের সঙ্গে যুক্ত মানুষগুলোর জন্যও কাজটি করতে আগ্রহী হয়ে উঠেছিলেন পরিণীতি। তার কথায়, “চিত্রনাট্যটা এতটাই দুর্দান্ত ছিল যে প্রস্তাব ফিরিয়ে দেওয়া বোকামি হতো। তার ওপর নেটফ্লিক্সের সঙ্গে কাজের সুযোগ, সিদ্ধার্থের মতো প্রযোজক আর রেনসিল স্যারের পরিচালনা। সব মিলিয়ে আমার কাছে এটা ছিল বিশেষ একটি কাজ।”

অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিংয়ের চ্যালেঞ্জ

‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর শুটিংয়ের সময় পরিণীতি অন্তঃসত্ত্বা ছিলেন। জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে কাজ চালিয়ে যাওয়া কতটা কঠিন ছিল—এমন প্রশ্নে অভিনেত্রী জানান, পুরো ইউনিটের অকুণ্ঠ সহযোগিতায় কাজটি সহজ হয়ে উঠেছিল। তিনি বলেন, “শুটিংয়ের সময় সবাই আমার খুব খেয়াল রেখেছেন। এমন পরিবেশে কাজ করেছি, যেখানে কোনো বাড়তি চাপ ছিল না। আমরাও একে অপরকে সহযোগিতা করেছি। ফলে শুটিংয়ের সময়সূচিতে কোনো সমস্যা হয়নি।”

শুধু সহকর্মীরাই নন, পরিবারের সদস্যরাও সেই সময় তার পাশে ছিলেন। বিশেষ করে স্বামী রাঘব চাড্ডার সহযোগিতার কথা বলতে গিয়ে পরিণীতির কণ্ঠে শোনা যায় কৃতজ্ঞতা। তিনি বলেন, “খবরটা শোনামাত্রই রাঘব শিমলায় ছুটে এসেছিল। আমার মা, শাশুড়ি, এমনকি ভাইয়েরাও আমাকে দেখতে এসেছিল। সবাই হয়তো ভাবছিল, পরিণীতির পুরো পরিবার কি শুটিংয়ে চলে এসেছে?” সেই সময়ের একটি মজার স্মৃতিও শোনান অভিনেত্রী: “আমরা মজা করে বলতাম, এটা যেমন নীরের (সন্তানের) ডেবু, তেমনি ওয়েব–দুনিয়ায় আমারও ডেবু। তাই এই সিরিজ আমার কাছে সব সময় বিশেষ হয়ে থাকবে।”

“মা হয়েছি বলে অভিনয় ছাড়ব কেন?”

মাতৃত্বের পর অভিনয়জীবন নিয়ে নতুন করে ভাবছেন পরিণীতি। তবে মা হয়েছেন বলে কাজ থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তার নেই; বরং সন্তান জন্মের পর অভিনেত্রীদের কাজের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা নিয়েই বেশি ভাবেন তিনি। পরিণীতির কথায়, “মা হয়েছি বলে কাজ করা বন্ধ করে দিতে চাই না। তবে বিষয়টি দুই দিকের। আমাকে কাজের প্রস্তাবও পেতে হবে। সন্তান জন্ম দেওয়ার মতো এত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। এরপর শুধু মা হয়েছি বলে যদি কাজের সুযোগ হারাতে হয়, সেটা আমার খুব খারাপ লাগবে।”

বলিউডে এখন অনেক অভিনেত্রীই মা হওয়ার পর নিয়মিত কাজ করছেন। বিষয়টিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখেন পরিণীতি। প্রসঙ্গক্রমে তিনি আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন এবং তার দিদি প্রিয়াঙ্কা চোপড়ার নাম উল্লেখ করেন। “আমি খুব খুশি যে আমাদের প্রজন্মের অভিনেত্রীরা মা হওয়ার পরও কাজ করতে পারছে। আলিয়া, দীপিকা, আমি কিংবা আমার দিদি প্রিয়াঙ্কা—সবাই কাজ করছি। প্রিয়াঙ্কা পশ্চিমা ছবিতেও কাজ করছে। আমরা সবাই ভালো কাজ করছি; বরং আমার মনে হয়, এখন আমরা আরও ভালো কাজ করছি।”

অভিনয়ের পাশাপাশি পরিবার, বন্ধু, ঘোরাঘুরি কিংবা নিজের জন্য সময় রাখা—সবকিছুই পরিণীতির কাছে গুরুত্বপূর্ণ। বরাবরই তিনি ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে ভারসাম্য রাখতে চেয়েছেন। কিন্তু মা হওয়ার পর সেই ভারসাম্যের হিসাবও কিছুটা বদলে গেছে। “আমি সব সময় জীবনে ভারসাম্যকে গুরুত্ব দিয়েছি। কাজের পাশাপাশি পরিবার, বন্ধু, ঘোরাঘুরি, ছুটি কাটানো, উৎসব আর নিজের জন্য সময়—সবই আমার কাছে গুরুত্বপূর্ণ।”

সন্তানের দায়িত্ব দুজনেরই

পরিণীতির স্বামী রাঘব চাড্ডা রাজনীতির মানুষ, তারও ব্যস্ততা কম নয়। অন্যদিকে শুটিং, প্রচার ও নানা আয়োজনে ব্যস্ত থাকতে হয় পরিণীতিকে। তাহলে ছোট্ট ছেলের দেখাশোনা করেন কে? প্রশ্ন শুনে পরিণীতি জানান, সন্তানের দায়িত্ব দুজনেই সমানভাবে ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, “সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি। আমরা দুজনেই মা-বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই সন্তানের দায়িত্বও আমাদের দুজনেরই। আমি কাজে থাকলে রাঘব ছেলের সঙ্গে থাকে। আবার রাঘব কাজে থাকলে আমি ছেলের দায়িত্ব নিই।”

শুধু সন্তানের দেখাশোনা নয়, অভিনয়ের ব্যস্ততার মধ্যেও স্বামীর কাছ থেকে ভরসা পান পরিণীতি। ক্লান্তিকর দিনের শেষে রাঘবের সহযোগিতাই তাকে নতুন করে কাজের শক্তি জোগায়। হালকা হেসে অভিনেত্রী বলেন, “এমন অনেক দিন যায়, যখন আমি একেবারে ক্লান্ত হয়ে পড়ি। সেই সময় রাঘব আমার পাশে থাকে। যখন বলি, আমাকে কাজ করতেই হবে, আমি পারব, তখন ও বলে, ‘তুমি যাও, বাকি সব আমি সামলে নেব।’ এই সহযোগিতা আমার কাছে অনেক বড় ব্যাপার।”

দুই জগতের দুই মানুষ

একজন বলিউড অভিনেত্রী, অন্যজন রাজনীতিবিদ। পেশাগতভাবে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জগৎ একেবারেই আলাদা। সংসারে দুজনের বোঝাপড়া ভালো হলেও একে অপরের পেশাগত বিষয়ে খুব একটা নাক গলান না তারা। এ প্রসঙ্গ উঠতেই হেসে ফেললেন পরিণীতি। জানান, রাজনীতির জটিল হিসাব যেমন তার অজানা, তেমনি সিনেমার দুনিয়া থেকেও অনেকটাই দূরে রাঘব। তিনি বলেন, “রাঘবের সংসদীয় বক্তৃতা বা নির্বাচন নিয়ে আমার তেমন জ্ঞান নেই। তাই সেসব বিষয়ে ওকে পরামর্শ দেওয়ার প্রশ্নই আসে না। একইভাবে সিনেমার চিত্রনাট্য নিয়েও ওর পরামর্শ না নেওয়াই ভালো।”

স্বামী যে তার অভিনয়জগৎ সম্পর্কে কতটা অনভিজ্ঞ, তার একটি মজার উদাহরণও দিলেন পরিণীতি। “এমনও হয়েছে, কোথাও আমার গান বাজছে, আর আমাকে ওকে বলতে হয়েছে, এটা আমার গান!” কথাটি বলেই হেসে ওঠেন অভিনেত্রী। এরপর যোগ করেন, “তাই কাজের ক্ষেত্রে একে অপরের থেকে দূরে থাকাই ভালো।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭ মিনিট আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার

১০ মিনিট আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার

চলতি বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের ৩,৩০৩ কোটি টাকা নিট লোকসান

৩৯ মিনিট আগে
চলতি বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের ৩,৩০৩ কোটি টাকা নিট লোকসান

১৭ বলের নাটকীয় ধসে ইংল্যান্ডের কাছে ৫৫ রানে হারল শ্রীলঙ্কা

৪০ মিনিট আগে
১৭ বলের নাটকীয় ধসে ইংল্যান্ডের কাছে ৫৫ রানে হারল শ্রীলঙ্কা

“কাজের সুযোগ হারালে খুব খারাপ লাগবে”

১ ঘন্টা আগে
“কাজের সুযোগ হারালে খুব খারাপ লাগবে”

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ

মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

৩ ঘন্টা আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৮, আইনি ব্যবস্থা নিচ্ছে বিজিবি

৩ ঘন্টা আগে
মহেশপুর সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৮, আইনি ব্যবস্থা নিচ্ছে বিজিবি

মেহেরপুরে সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ

৫ ঘন্টা আগে
দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।