সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্তি | দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘকাল আটকে থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই ১৭৪ জন। প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছেন তিন নারী, এক শিশু এবং পনেরো জন অসুস্থ ব্যক্তি।
জানা গেছে, এই বাংলাদেশিরা অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছিলেন। এই ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার সময় তাদের উদ্ধার অথবা আটক করা হয়। পরবর্তীতে লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে তাদের মানবেতর জীবনযাপন করতে হয়।
বাংলাদেশ দূতাবাস সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনের অনুমতি এবং আইওএমের সার্বিক সহায়তায় এই দলটি দেশে ফিরে এসেছে।
দূতাবাস আরও জানায়, বেনগাজীর গ্যানফুদা এবং ত্রিপোলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিয়মিত সাক্ষাৎকার গ্রহণ, পরিচয় যাচাই এবং প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব কেন্দ্রে বর্তমানে অবস্থানরত বাকি বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট লিবিয়া থেকে ৩৪০ বাংলাদেশি দেশে ফিরেছিলেন। সর্বশেষ ১৭৪ জনসহ চলতি আগস্ট মাসে মোট ৫১৪ বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে প্রত্যাবাসন করা হলো।
বাংলাদেশ দূতাবাস সর্বসাধারণকে দালাল ও মানব পাচারকারীদের প্রলোভনে আকৃষ্ট না হয়ে বৈধ ও নিরাপদ অভিবাসন পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সাথে বিদেশে কর্মসংস্থান বা অভিবাসনের ক্ষেত্রে সরকারি অনুমোদিত এবং আইনসম্মত পদ্ধতি অনুসরণের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।