সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যু গুজবে থানা রণক্ষেত্র, পুলিশসহ আহত ১২
বরিশালের আগৈলঝাড়া থানায় আটক এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সংঘটিত এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. সিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকির (২৬) একটি চুরি মামলায় গত বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার হন। পুলিশের দাবি, থানা হাজতে থাকাকালীন রিয়াজ নিজেই মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। রাত ১১টার দিকে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার দুপুরের পর রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে তার স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এরপর শতাধিক মানুষ মিছিল নিয়ে থানার সামনে জড়ো হন এবং একপর্যায়ে পুলিশ ও তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এই সংঘর্ষে থানার ডিউটি অফিসারসহ ছয়জন পুলিশ সদস্য এবং অন্তত ছয়জন বিক্ষোভকারী আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই আ. হালিম, কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল-আমিন হোসেন ও মেহেদী হাসান। গুরুতর আহত এএসআই আ. হালিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভকারীদের মধ্যে আহত হয়েছেন রিয়াজের মা নাছরিন বেগম (৫০), বোন শারমিন আক্তার (২৮) ও স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম (৪৭), যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, আরও কয়েকজন আহত ব্যক্তি গ্রেপ্তারের ভয়ে অন্য স্থানে চিকিৎসা গ্রহণ করেছেন।
রিয়াজ ফকিরের মা নাছরিন বেগম ও বাবা সিদ্দিক ফকিরের অভিযোগ, তাদের ছেলেকে বিনা কারণে আটক করে মারধর করা হয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রিয়াজ ফকির বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার মৃত্যুর খবর সঠিক নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান বলেন, রিয়াজ ফকিরকে চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। হাজতে থাকা অবস্থায় তিনি নিজেই মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তার স্বজন ও কিছু সমর্থক থানায় এসে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে
৫ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা
১ দিন আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
১ দিন আগে