সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন
পিরোজপুর জেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা প্রদানের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা দোয়েল চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হরিণাকুণ্ডু উপজেলা কমান্ড এই কর্মসূচির আয়োজন করে।
উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু উপজেলা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়াদ্দার এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম স্বপন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাধীনতায় অবদান রাখা একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহের জানাজা ও দাফনকাজে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও চরম ন্যক্কারজনক ঘটনা। এটি মুক্তিযুদ্ধের চেতনা ও বীর সন্তানদের সম্মানের ওপর বড় আঘাত।
কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোশারফ হোসেন, সাবেক জেলা ডেপুটি কমান্ডার রেজাউল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার মহিউদ্দীন মাস্টার, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এবং আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সংহতি জানান।
বক্তারা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান বজায় রাখার জোর দাবি জানান এবং মানিক পশারীর দাফনে ব্যাঘাত সৃষ্টিকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে দেশের প্রতিটি বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকাজে নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার দাবিও উত্থাপন করা হয়।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর পিরোজপুর সদর উপজেলার ৫ নম্বর শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী মৃত্যুবরণ করেন। বাধার মুখে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই তাকে নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো হরিণাকুণ্ডুতেও এই প্রতিবাদ কর্মসূচি পালিত হলো।