সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
১৩ বছরে রাজনৈতিক সংঘাত | ৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন
দেশে গত ১৩ বছর আট মাসে রাজনৈতিক সংঘাত ও অভ্যন্তরীণ কোন্দলে অন্তত ৭৪৬ জন নিহত হয়েছেন। একই সময়ে এসব সহিংসতায় আহত হয়েছেন ৪৬ হাজার ৩৫১ জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এক সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংঘর্ষের পাশাপাশি দলীয় কোন্দলও রক্তক্ষয়ী সহিংসতার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
রোববার (১ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ঘটা রাজনৈতিক সংঘাতের ওপর ভিত্তি করে মানবাধিকার সংস্থা ও সংবাদপত্রের প্রতিবেদন বিশ্লেষণ করে গবেষণাটি পরিচালিত হয়।
টিআইবির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসেই রাজনৈতিক সহিংসতায় ৪৬ জন নিহত এবং ৩ হাজার ৫৯ জন আহত হয়েছেন। গবেষণার তথ্যে দেখা যায়, বিভিন্ন দলের মধ্যকার ৪২৮টি সংঘাতের ঘটনায় ৪২৮ জন নিহত ও ২৭ হাজার ৮৬০ জন আহত হন। অন্যদিকে দলগুলোর অভ্যন্তরীণ সংঘাতের ১ হাজার ৯২৬টি ঘটনায় প্রাণ হারান ৩১৮ জন এবং আহত হন ১৮ হাজার ৪৯১ জন। এসব ঘটনার অধিকাংশেই আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা থাকলেও জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টির জড়িয়ে পড়ার তথ্যও এতে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে সুশাসন ও জবাবদিহির চরম ঘাটতি বিদ্যমান। মূলত ক্ষমতার অপব্যবহার ও আধিপত্য বিস্তারের প্রবণতাই এসব সহিংসতার মূল উৎস। দলগুলোর প্রাতিষ্ঠানিক কাঠামোয় জবাবদিহি প্রতিষ্ঠিত করতে না পারলে এই রাজনৈতিক সংঘাত নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।