সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক প্রবাসী পরিবারের বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি ও বেঁধে রেখে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ওই গ্রামের সৌদি প্রবাসী বাধন মোল্লার বাড়িতে একদল অস্ত্রধারী ডাকাত হানা দেয়। তারা প্রথমে জানালা দিয়ে বাধনের পিতা মাসুম মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলার পরই দুর্বৃত্তরা তাকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলে এবং ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
সকালে প্রতিবেশীরা মাসুম মোল্লাকে ওই অবস্থায় দেখে উদ্ধার করেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাটির বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনাটি নিয়ে কিছু সন্দেহ সৃষ্টি হয়েছে। মাসুম মোল্লার দেনা থাকায় ডাকাতির কোনো নাটক সাজানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষেই প্রকৃত বিষয়টি পরিষ্কার হবে এবং অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।