সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩
লালমনিরহাটের হাতীবান্ধায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সানিয়াজান বাজারে এই সংঘাত ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন জামায়াতের কর্মী রায়হান ইসলাম (২৭), ছাত্রদল নেতা আলমগীর হোসেন (২৩) ও সাজেদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জামায়াত সমর্থক রায়হান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিএনপি এবং ডাকসুর প্রাক্তন ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে একটি পোস্ট দেন। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। মঙ্গলবার রাতে সানিয়াজান বাজারে ছাত্রদল নেতা আলমগীরের সঙ্গে রায়হানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হলে সংঘর্ষ বেঁধে যায়।
আহত জামায়াত কর্মী রায়হান ইসলামের দাবি, তিনি সন্ধ্যার পর সানিয়াজান বাজারের একটি মসজিদের সামনে চা খাচ্ছিলেন। সে সময় ছাত্রদলের কতিপয় নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। বিএনপির গঠনমূলক সমালোচনা ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তার ওপর এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাহেদুল ইসলাম জানান, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাজারে বসে চা খাওয়ার সময় জামায়াত কর্মী ও তার সহযোগীরা এসে বিএনপি ও ছাত্রদলকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘাতের সৃষ্টি হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।