সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, মানসম্মত সামাজিক বিকাশ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বিনির্মাণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে জোড়া আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন ইয়াশা সোবহান। তিনি বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইয়াশা সোবহান আন্তর্জাতিক সম্মাননা হিসেবে সম্মানজনক ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রাপ্ত হয়েছেন। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে তাকে দেওয়া হয়েছে ‘ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল ওয়ার্কস (Honoris Causa)’ ডিগ্রি। সমাজে অবহেলিত শিশুদের জীবনযাত্রার মান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তার নিরলস সামাজিক উদ্যোগের বৈশ্বিক স্বীকৃতি হিসেবেই এই সম্মাননাগুলো প্রদান করা হয়।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত দ্য রিটজ-কার্লটন হোটেলে ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স-২০২৬’-এর ৪৩তম জমকালো অনুষ্ঠানে তার হাতে এই আন্তর্জাতিক ট্রফি তুলে দেওয়া হয়। বিশ্বমঞ্চে বিভিন্ন ক্যাটাগরিতে স্ব-স্ব ক্ষেত্রে অসামান্য অবদান রাখা খ্যাতনামা পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের মূল্যায়নে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
উল্লেখ্য, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য যথাযথ শিক্ষাদান, মেধার বিকাশ ও সমাজে আত্মমর্যাদার সঙ্গে টিকে থাকার সুযোগ সৃষ্টিতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। ইয়াশা সোবহান প্রতিষ্ঠানটির নেতৃত্বে থেকে এসব শিশুর উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং সমাজে নিজস্ব পরিচয় গড়ে তুলতে কাজ করছেন।
সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা জগতেও সফল ভূমিকা রাখছেন ইয়াশা সোবহান। তিনি বর্তমানে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান এবং বসুন্ধরা গ্রুপের অন্যতম পরিচালক হিসেবে নিয়োজিত। বাণিজ্যিক সাফল্যের সাথে সাথে সামাজিক কল্যাণমূলক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে।