সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহারের মাধ্যমে আখের একরপ্রতি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলসের মিল গেট-বি সাবজোনের উদ্যোগে আখচাষি প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলটির মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিজিএম (সম্প্রসারণ ও ঋণ) ইমরুল হাসান, ডিজিএম (এসআই অ্যান্ড এগ্রো.) কানিজ ফাতেমা, ডিএম (ইক্ষু সংগ্রহ) মো. রবিউল আলম এবং মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ। এ ছাড়া মিলের গেট-বি সাবজোন প্রধান দেবেন্দ্রনাথ মণ্ডলসহ সহকারী ব্যবস্থাপক (সম্প্রসারণ) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আখ চাষের বিভিন্ন কৌশল তুলে ধরে বলেন, চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
কর্মশালায় সঠিক নিয়মে ও সঠিক সময়ে সার প্রয়োগ, ক্ষতিকর রোগবালাই দমন এবং উন্নত জাতের আখ চাষ করে কিভাবে একরপ্রতি ফলন বৃদ্ধি করা যায়, সে বিষয়ে চাষিদের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে চিনিকলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চাষিরা চাষাবাদসংক্রান্ত নানা বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।