সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আনোয়ারায় মাদকবিরোধী সমাবেশে এএসপি | ‘যেকোনো মূল্যে মাদক নির্মূল করা হবে’
মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরের জয়কালী বাজারে আনোয়ারা থানা এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সমাজ থেকে মাদক নির্মূলে তাঁদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান।
এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম নুরুল ইসলাম, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম শাহেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক হোসেন, উপজেলা বিএনপির সদস্য আকতারুজ্জামান এবং উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি মাহমুদুল হাসান বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি মাদককে সমাজের এক বড় ব্যাধি হিসেবে উল্লেখ করে বলেন, এর করাল গ্রাসে যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এএসপি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং তালিকাভুক্ত কারবারিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিবার নষ্ট হলে, সমাজ নষ্ট হলে দেশ রক্ষা করা যাবে না। যেকোনো মূল্যে মাদকের মূলোৎপাটন করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।
সভাপতির বক্তব্যে ওসি জুনায়েত চৌধুরী বলেন, মাদকসেবীরা প্রায়শই ইভটিজিং, চুরি, ছিনতাই, ধর্ষণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। তাই তাদের প্রতিও কোনো সহানুভূতি দেখানো হবে না, কঠোর হাতে দমন করা হবে।