সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪
মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কা থেকে বাঁচতে গিয়ে যাত্রীবাহী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার বিএটি অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সদর উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক বাবলু, সোনাপুর গ্রামের ইদ্রিস আলী এবং বলিয়ারপুর গ্রামের বাসিন্দা গোলাম বিশ্বাস। এছাড়া আহত এক নারী যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করায় তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া গতির ট্রাক আমঝুপির দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিএটি সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে ট্রাকটি সজোরে চেপে ধরে। মুখোমুখি বড় ধরনের সংঘর্ষ এড়াতে চালক ইজিবাইকটি রাস্তার নিচে খাদে নামিয়ে দেন। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে চারজন মারাত্মক আহত হন। ঘটনার পরেই ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ইদ্রিস আলীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।