সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা সরাতে সওজের ৭ দিনের আল্টিমেটাম
মেহেরপুর-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সাত দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
সওজের মেহেরপুর উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) সড়কের দু'পাশের সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত ভূমিতে, বিশেষ করে সড়কের শোল্ডার দখল করে অবৈধভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এর ফলে যানজট একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
আরও জানানো হয়েছে, সরকারি জমি অবৈধভাবে দখল করা একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই এই বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট দখলদারদের স্বেচ্ছায় সকল অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনা সরানো না হলে সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান চালাবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক ও জনপথ বিভাগ এই বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে আখ্যায়িত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশিকা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছে।