সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠিত
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়া সরকারি কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক উৎসব। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কলেজের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রায় এক হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।
উৎসব ঘিরে সকাল থেকেই নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পুষ্পবৃষ্টি ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের শুভসূচনা ঘটে। শিক্ষকমণ্ডলী, আমন্ত্রিত অতিথি ও নবাগতদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন এবং মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন।
এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং শিক্ষক পরিষদের সম্পাদক নাজমুল হুসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল কালাম সাজাদ এবং সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাঃ আব্দুল লতিফ। পুরো আয়োজনের সমন্বয় ও আহ্বায়কের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহা: রোকনুজ্জামান। সঞ্চালনা করেন শাহরিয়ার হোসেন ও মাহাবুবা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বলেন, "শিক্ষাজীবনই একজন মানুষের ভবিষ্যৎ ও মূল্যবোধ তৈরির উপযুক্ত সময়। শুধু প্রাতিষ্ঠানিক ফলাফলেই সীমাবদ্ধ থাকলে চলবে না, শিক্ষার্থীদের মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।"
প্রধান বক্তা মোছাঃ ফরিদা ইয়াসমিন নবাগতদের উদ্দেশ্যে প্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সহশিক্ষা ও সাহিত্যচর্চায় যুক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। মুখ্য আলোচক সোহরাব উদ্দিন তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাঃ আব্দুল লতিফ বলেন, এক হাজার নতুন শিক্ষার্থীর আগমন কলেজের জন্য অত্যন্ত গৌরবের। মেধা ও মননের সার্বিক বিকাশে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আবৃত্তি, সংগীত ও নাট্যানুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের উপস্থিতি পরিবেশকে প্রাণবন্ত করে তোলে, যা নবীনদের নতুন যাত্রাকে স্মরণীয় করে রাখবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা
১ ঘন্টা আগে
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার
১ দিন আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে
৩ দিন আগে