খাদিমপুর ইউনিয়ন পরিষদে ছাত্রদল নেতাকে আটকে রেখে নির্যাতন ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ সমাবেশ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
খাদিমপুর ইউনিয়ন পরিষদে ছাত্রদল নেতাকে আটকে রেখে নির্যাতন ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ
আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে আটকে রেখে নির্যাতন ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গা শহরের প্রধান সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও সমাবেশে উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা। তিনি বলেন, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আমরা জানতে পারি, আমাদের এক দলীয় কর্মীকে খাদিমপুর ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাসের সহযোগিতায় তাকে আটকে রেখে অত্যাচার করা হচ্ছে।
তিনি আরও বলেন, “সংবাদ পেয়ে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি জানার জন্য সেখানে গেলে ঘটনাটির সত্যতা পান। এ সময় চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য তার রুমে প্রবেশ করলে একপর্যায়ে চেয়ারম্যান আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে গুলি করার হুমকি দেয় এবং তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলার প্রস্তুতি নেয়। পরিস্থিতি বুঝে নেতাকর্মীরা সেখান থেকে বের হয়ে আসেন।
তিনি অভিযোগ করেন, পরবর্তীতে চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস ফোন করে তার লোকজন ডেকে এনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফ ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম মোল্লা, যুগ্ম আহ্বায়ক আব্দুর কাদের এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়সহ উপজেলা, পৌর ও কলেজ শাখার শতাধিক নেতাকর্মী।
সমাবেশ শেষে বক্তারা খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান লোটাসের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন ও মোটরসাইকেল ভাঙচুরের জন্য বিচারের দাবি করেন।
খাদিমপুর ইউনিয়ন চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর হামলায় মারাত্মক আহত উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফ উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।