সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চট্টগ্রামের বন্যায় কোমর পানিতে নেমে জামায়াত আমিরের ত্রাণ বিতরণ, সরকারের দ্রুত পদক্ষেপের আহ্বান
চট্টগ্রামে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের শিকার মানুষের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার, ১০ জুলাই, তিনি জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় কোমরসমান পানিতে নেমে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন। এ সময় তিনি সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই ডা. শফিকুর রহমান সরাসরি বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান। সেখানে তিনি বন্যার্তদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার ও নগদ আর্থিক সহায়তা বিতরণের পর তিনি সাতকানিয়া উপজেলা এবং চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওসহ জলাবদ্ধতা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ ঘরবাড়ি, ফসল ও সহায়-সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
গেল সোমবার থেকে শুরু হওয়া টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম নগরীতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়, যা নগরবাসীর চরম দুর্ভোগের কারণ হয়। পরবর্তীতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়ে।
এই সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
তিনি জানান, জাতীয় সংসদে গত বৃহস্পতিবার চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং সরকারও ৩০০ বিধিতে বিবৃতি দিয়েছে। ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ স্বচক্ষে দেখা, তাদের পাশে দাঁড়ানো এবং সরকারের করণীয় বিষয়ে দাবি জানাতেই এই সফর। ডা. শফিকুর রহমান সাম্প্রতিক বন্যা, পাহাড়ধস ও বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।