আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মানবন্ধন | আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
আলমডাঙ্গায় সপ্তম শ্রেণির এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করলেও ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক জাকারিয়া ইসলাম হিরোর ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। ঘটনার সঙ্গে জড়িত ও ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন অভিভাবক ও সচেতন এলাকাবাসী।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের হাইরোডে অভিভাবক ও সচেতন আলমডাঙ্গাবাসীর ব্যানারে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নিরাপদ স্থানের সঙ্গে সংশ্লিষ্ট একজন শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের, তাদের বিরুদ্ধেই যদি অভিযোগ ওঠে, তাহলে বিষয়টি কোনোভাবেই ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। অভিযুক্ত শিক্ষক ছাড়াও অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক ও অন্যদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী আলমডাঙ্গার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। ভুক্তভোগী শিক্ষার্থী কুরআনের হাফিজা(হাফেজ)। তার মা ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজে চাকরি করেন। সেই সুবাদে প্রায় আট মাস আগে মেয়েকে বাড়িতে প্রাইভেট পড়ানোর জন্য শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদকে নিয়োগ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, প্রাইভেট পড়ানোর সুযোগে শিক্ষক জাহিদ বিভিন্ন সময়ে শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। ভয়ভীতি দেখানোর কারণে শিক্ষার্থী প্রথমদিকে বিষয়টি কাউকে জানাতে সাহস পায়নি। একপর্যায়ে ওই শিক্ষার্থী গৃহশিক্ষকের কাছে পড়তে অনীহা প্রকাশ করলে তার মা কারণ জানতে চান। পরে মায়ের কাছে নির্যাতন ও হয়রানির বিষয়টি খুলে বলে শিক্ষার্থী।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, বিষয়টি জানার পর শিক্ষার্থীর মা ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক জাকারিয়া ইসলাম হিরোর কাছে প্রতিকার চাইতে গেলে তাকে বিভিন্নভাবে হেনস্তা করা হয়। এমনকি চাকরি থেকে বের করে দেওয়ার পাশাপাশি হুমকি-ধমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবক ও সচেতন এলাকাবাসী। মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো অভিযুক্ত শিক্ষক জাহিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা, পৃষ্ঠপোষকতার দায়ে স্কুল কর্তৃপক্ষের বিচার করা এবং ঘটনার পেছনে সংশ্লিষ্ট সবার ভূমিকা তদন্ত করে পরিচালক জাকারিয়া ইসলাম হিরোর বিচার নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা, আলমডাঙ্গার সরকারি কলেজের প্রভাষক জেসমিন আরা খানম, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, খন্দকার আব্দুল কাদের, সোহানুর রহমান, মোল্লা ফারুক ইসলাম, মাহমুদুল হক তন্ময়, আব্দুর রশিদ মঞ্জু, তাওহীদ মুসাব, কামরুজ্জামান কাজল ও রাকিব আহমেদসহ অনেকে।
বক্তারা বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগ শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের জন্য উদ্বেগের বিষয়। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। কোনো প্রভাব, ক্ষমতা কিংবা প্রতিষ্ঠানের পরিচয় যেন বিচারপ্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াতে না পারে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।
মানববন্ধন থেকে গ্রেফতার শিক্ষক জাহিদের বিচার নিশ্চিত করার পাশাপাশি তার মদদদাতা হিসেবে অভিযুক্ত প্রতিষ্ঠানের পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়।
এদিকে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম কিংবা প্রভাবের আড়ালে শিশু শিক্ষার্থীর নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্ন চাপা পড়ে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারই পারে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ফিরিয়ে আনতে।
এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, শিক্ষার্থীর সাথে ঘটে যাওয়ার ঘটনায় তার মায়ের দেওয়ার লিখিত অভিযোগের সাথে সাথেই অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষ ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার
৪ ঘন্টা আগে