আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব পেলেন ইউসুফ আলী মাস্টার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব পেলেন ইউসুফ আলী মাস্টার
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা নায়েবে আমীর ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) ইউসুফ আলী । বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউসুফ আলী মাস্টার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।
প্রধান অতিথি কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে ইউসুফ আলী মাস্টারকে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হিসেবে ঘোষণা দেন। তিনি বলেন, ইউসুফ আলী এর আগে উপজেলা আমীরের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে নায়েবে আমীর হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
মো. রুহুল আমিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সরকারি-বেসরকারি বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে কর্মরত রুকনদের রুকনিয়াত সাময়িকভাবে মুলতবী করা হয়েছে। এ সিদ্ধান্তের কারণে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের রুকনিয়াত মুলতবী হওয়ায় তাকে আমীরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরি থেকে অবসর গ্রহণ বা দায়িত্বমুক্ত হওয়ার পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী পুনরায় রুকনিয়াত ফিরিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো, সামাজিক সমস্যা সমাধান ও সালিশ-মীমাংসায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনই সকল সাংগঠনিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, জেলা শ্রম বিভাগের সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, সেক্রেটারি মহাসিন আলী, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।