সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
স্কুলে লালনের মানবিক শিক্ষা পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী | তথ্য উপদেষ্টা
ফকির লালন সাঁইয়ের মানবিক দর্শন ও অসাম্প্রদায়িক চেতনাকে বিদ্যালয় পর্যায়ে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লালনের দর্শন সম্পর্কে যেন শিক্ষার্থীরা শৈশব থেকেই জানতে পারে, সে লক্ষ্যে স্কুলভিত্তিক বিশেষ কর্মসূচি চালুর ব্যাপারে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন তাঁর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
শনিবার কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন আখড়াবাড়িতে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ স্মারক আলোচনা সভায় উপদেষ্টা এ কথা জানান।
জাহেদ উর রহমান বলেন, সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি পর্যালোচনাকালে প্রধানমন্ত্রী লালন সাঁইকে ঘিরে গৃহীত নানা উদ্যোগের খোঁজখবর নেন। সে সময় তিনি জানতে চান স্কুলপর্যায়ে কোনো নির্দিষ্ট কর্মসূচি রয়েছে কি না এবং শিক্ষার্থীরা লালনের চিন্তা কীভাবে শিখতে পারে। প্রধানমন্ত্রীর প্রধান লক্ষ্য হলো লালনের সাম্য ও মানবতাবাদী শিক্ষাকে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে পৌঁছে দেওয়া।
বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে ধর্ম, বর্ণ ও গোত্রভিত্তিক বিভাজনের কারণে চারপাশে অস্থিরতা ও সংঘাত বাড়ছে। এমন পরিস্থিতিতে লালনের মানবতাবাদী চিন্তা ও বৈষম্যবিরোধী দর্শন সমাজকে সঠিক পথ দেখাতে পারে। মানুষের মাঝে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে লালনের বার্তা অত্যন্ত সময়োপযোগী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী কুষ্টিয়াকে কেন্দ্র করে নতুন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, কুষ্টিয়াকে দ্রুতই একটি আন্তর্জাতিক মানের ‘লালন নগরী’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যা ওই অঞ্চলের পর্যটন শিল্পে বিপুল সম্ভাবনা সৃষ্টি করবে। পাশাপাশি গড়াই ও মধুমতী নদীতে আবার নৌযান চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে।
উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমী।
উল্লেখ্য, তিরোধান দিবস উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় ঐতিহাসিক রাখাল সেবার মধ্য দিয়ে সাধুসঙ্গের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। রোববার দুপুরে ঐতিহ্যবাহী পূর্ণসেবার মাধ্যমে তিরোধান দিবসের মূল আয়োজনের সমাপ্তি ঘটবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার
২০ ঘন্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে
২ দিন আগে
পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট
২ দিন আগে