সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে নজরুলের বিখ্যাত লেটোযাত্রা ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’ পরিবেশিত
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত জনপ্রিয় লেটো যাত্রাপালা ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’ মঞ্চস্থ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে শহরের প্রান্তিক পার্ক মিলনায়তনে নাট্য সংগঠন অংকুর নাট্য একাডেমির উদ্যোগে এ নাট্যপ্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস ও ফারুক হোসেনের যৌথ নির্দেশনায় যাত্রাপালাটিতে মোট ১৫ জন স্থানীয় শিল্পী অংশগ্রহণ করেন। লেটোযাত্রার এই পরিবেশনার মাধ্যমে বাংলার আবহমান লোকজ সংস্কৃতি ও নাট্য ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় দর্শকদের সামনে ফুটিয়ে তোলা হয়। শহরের বিভিন্ন শ্রেণি-পেশার নাট্যামোদী দর্শক উপস্থিত থেকে পরিবেশনাটি উপভোগ করেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনন্য সাহিত্য ও সংস্কৃতি ভাবনার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং লোকনাট্যের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে অংকুর নাট্য একাডেমির সভাপতি আহসান হাবীব রনক, শিক্ষানুরাগী খন্দকার হাফিজ ফারুক, মো. আব্দুস সালাম, মো. শফিকুল ইসলাম, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, বাংলা থিয়েটারের সাধারণ সম্পাদক ইমরান হায়দার রাজা, নাট্য নির্মাতা এস এম শাহীন এবং কৌতুক অভিনেতা হুমায়ূন কবীরী টুকুর পাশাপাশি অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।