সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে বাল্যবিয়ে রোধ ও কিশোরীদের ক্ষমতায়নে ‘ড্রিম জার্নি’ অনুষ্ঠিত
ঝিনাইদহে কিশোরীদের ক্ষমতায়ন, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সচেতন করার লক্ষ্যে ‘ড্রিম জার্নি’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হলিধানী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘সার্ভিস এন্ড ভিশন এডিফাই’ (সেভ)-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
‘এমপাওয়ারিং অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বারস টু এন্ড চাইল্ড ম্যারেজ’ (গার্লপাওয়ার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় মূল বক্তব্য তুলে ধরেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার ইসফাকুল কবির সরকার এবং হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা সেভ-এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা আশা।
সমাবেশে বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব, কিশোরী অধিকার রক্ষা এবং তাদের নিরবচ্ছিন্ন শিক্ষা নিশ্চিতকরণের গুরুত্ব নিয়ে বিস্তর আলোচনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কিশোরীদের স্বপ্ন পূরণে উদ্বুদ্ধ করার পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার ও সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এর মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, শিক্ষা বজায় থাকবে এবং একটি নিরাপদ ভবিষ্যতের পথ সুগম হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।