সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ফেসবুকে প্রেম থেকে পরিণয় | স্ত্রীর টানে কুষ্টিয়ায় পাকিস্তানি যুবক ফারহান
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা প্রেম ও ভালো লাগা শেষ পর্যন্ত গড়িয়েছে বৈবাহিক সম্পর্কে। প্রেমের টানে সীমান্ত পেরিয়ে কুষ্টিয়ায় এসে সংসার শুরু করেছেন পাকিস্তানি যুবক ফারহান। তার স্ত্রী লাবনী কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার বাসিন্দা।
জানা গেছে, প্রায় দুই বছর আগে সামাজিক মাধ্যম ফেসবুকে পাকিস্তানের পাঞ্জাবের অধিবাসী ফারহানের সঙ্গে লাবনীর প্রথম পরিচয় হয়। শুরুতে সাধারণ যোগাযোগ থাকলেও ধীরে ধীরে তা গভীর প্রেমে রূপ নেয়। সম্পর্কের শুরুতে কিছুটা তথ্যের অমিল থাকলেও ভিডিও কলের মাধ্যমে লাবনীর প্রকৃত পরিচয় পাওয়ার পর তাদের আস্থা আরও সুদৃঢ় হয়। পরে ফারহান বিয়ের প্রস্তাব দিলে দুই পরিবারের সম্মতিতেই বিবাহের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রায় সাত মাস আগে অনলাইনে তাদের বিবাহ সম্পন্ন হয়। এরপর পাকিস্তানে গিয়ে সে দেশের স্থানীয় আইন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন করে গত ছয় মাস ফারহান ও লাবনী সেখানেই বসবাস করেন। সম্প্রতি স্ত্রীকে সঙ্গে নিয়ে ফারহান কুষ্টিয়ায় চলে আসেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।
ভিন্ন দেশ ও সংস্কৃতির এই নবদম্পতিকে দেখতে স্থানীয়দের মাঝে বেশ কৌতূহল দেখা গেছে। বর্তমানে তাদের দুইজনেরই ১০ বছর মেয়াদী ফ্যামিলি ভিসা রয়েছে। বাংলাদেশে অবস্থান করে অনলাইনে পাকিস্তানি থ্রি-পিস পোশাকের ব্যবসা করার পরিকল্পনা করছেন বলেও তারা জানান।