সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গৌরীপুরে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে ২০ অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন দিল বসুন্ধরা গ্রুপ
ময়মনসিংহের গৌরীপুরে অসচ্ছল ও জীবনসংগ্রামী ২০ জন নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় নারীদের তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে এ উপহার তুলে দেওয়া হয়।
সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত গৌরীপুরের মাদরাসা শিক্ষার্থী মরিয়ম আক্তার রিয়া। অভাবের সংসারে বাবা কৃষিকাজ করে কোনোমতে খরচ চালান। নিজের পড়াশোনার খরচ চালানো এবং পরিবারকে সাহায্য করার লক্ষ্যেই রিয়া সেলাইয়ের প্রশিক্ষণ নেন। মেশিনটি পাওয়ায় এখন ঘরে বসেই আয় করতে পারবেন বলে আশা করছেন তিনি।
একইভাবে মা-বাবা হারানো কাকলী রানী দাসের জীবনেও এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে। পাঁচ ভাই-বোনের পরিবারে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করা কাকলীর এখন আত্মনির্ভরশীল হওয়ার পথ উন্মুক্ত হলো।
সম্প্রতি গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন এবং পরিবেশ সুরক্ষায় প্রত্যেককে একটি করে গাছের চারা দেওয়া হয়। শংকর ঘোষ পিলুর সভাপতিত্বে এবং সেলিম আল রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহম্মদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমান, লেখক সংঘের সাধারণ সম্পাদক পলাশ আজহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, দরিদ্র নারীদের স্বাবলম্বী করে নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নারীরা দক্ষ হয়ে উঠলে পরিবার ও দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের পাশে থেকে মানবিক কল্যাণে কাজ করে যাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ও থানার ওসি হাবিবুর রহমান শুভসংঘের এই মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন, একটি সেলাই মেশিন অসহায় নারীদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হাতিয়ার হিসেবে ভূমিকা রাখবে।