সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে রিসোর্ট ব্যবস্থাপককে পিটিয়ে টাকা ও দুটি দামি মোবাইল ছিনতাই
চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দামুড়হুদা উপজেলার দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনের অদূরে এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করে মারধর ও সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার (১৪ অক্টোবর) রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এই ছিনতাই ও ডাকাতির শিকার হন স্থানীয় একটি রিসোর্টের ব্যবস্থাপক।
ভুক্তভোগী জুনায়েদ আহমেদ (২২) দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা। তিনি দামুড়হুদা মডেল থানাধীন লোকনাথপুর খেলার মাঠসংলগ্ন সৌদিয়ান রিসোর্টে ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাতে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন জুনায়েদ। পথে লোকনাথপুর ও দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনের মধ্যবর্তী স্থানে পৌঁছালে ৬ থেকে ৭ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র তাঁর পথ আটকে দাঁড়ায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে সঙ্গে থাকা নগদ ৭৫ হাজার ২৩৫ টাকা এবং দুটি মূল্যবান স্মার্টফোন নিয়ে চম্পট দেয়।
লুট হওয়া মোবাইল দুটির মধ্যে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং ৪৫ হাজার টাকা মূল্যের একটি ভিভো ভি-২৯ মডেলের ফোন রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। দুর্বৃত্তদের সবার পরনে ছিল টি-শার্ট ও ফুল প্যান্ট এবং মুখে মাস্ক পরা ছিল। তাঁদের একজনের হাতে ব্রেসলেট ছিল বলেও ভুক্তভোগী জানান।
এ ঘটনায় ভুক্তভোগী জুনায়েদ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) প্রভাস কুমার বসু জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও জড়িতদের শনাক্তের প্রক্রিয়া চলছে।
এদিকে ব্যস্ততম এই মহাসড়কের ওপর এমন স্পর্ধিত অপরাধের ঘটনায় স্থানীয়দের মনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মহাসড়কে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পুলিশি নজরদারি ও টহল বাড়ানোর জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
১৬ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার
১৯ ঘন্টা আগে