ব্যক্তি উদ্যোগে আলমডাঙ্গা রেলস্টেশনের প্রাথমিক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন প্রবাসী হাসিবুল হক লিপু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ব্যক্তি উদ্যোগে আলমডাঙ্গা রেলস্টেশনের প্রাথমিক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন প্রবাসী হাসিবুল হক লিপু
দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম ও প্রথম দ্বিতল রেলস্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন'র প্রাথমিক সংস্কারে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন আলমডাঙ্গার সন্তান প্রবাসী তরুণ হাসিবুল হক (লিপু)। নিজ অর্থায়নে স্টেশন প্ল্যাটফর্মে সিসিটিভি ক্যামেরা, হ্যালোজেন লাইট ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে কাজ শুরুর কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া ঐতিহ্যবাহী স্টেশনটিকে ঘিরে তার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
ব্রিটিশ শাসনামলে ১৮৬২ সালে উপমহাদেশে প্রথম রেললাইন নির্মিত হয়। বর্তমানে ভারতের হাওড়া থেকে কুষ্টিয়ার জগতি স্টেশন পর্যন্ত প্রথম রেলপথ। সেই প্রথম রেললাইনের গর্ব ধারণ করে আছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। এটি প্রথম দ্বিতল স্টেশনের গৌরব বহন করে চলেছে। বর্তমানে অবহেলার পুঞ্জিভূত পাহাড় বুকে চেপে স্টেশনটি প্রতিদিন দাঁড়িয়ে থাকে।
দাঁড়িয়ে থাকে এক বৃদ্ধ প্রহরীর মতো—নিঃশব্দ, ধৈর্যশীল, সময়ের ভার কাঁধে নিয়ে।
শত বছরেরও বেশি সময় ধরে নানা ভাঙ্গাগড়া, শহরের গোড়াপত্তন আর ইতিহাসের শতেক ইতিবৃত্ত ধারণ করে
কালের প্রহরীর মত দাঁড়িয়ে পুরনো রেলভবনটি। ব্রিটিশ আমলের নির্মাণশৈলীতে গড়া লালচে দেয়াল, কাঠের জানালা আর দ্বিতীয় তলার সেই নিভৃত বারান্দা যেন আজও ইতিহাসের ঘ্রাণ ছড়িয়ে দেয়।
কিন্তু ইতিহাসেরও যত্ন প্রয়োজন হয়।
সেই যত্নের অভাবেই হয়তো ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছে আলমডাঙ্গা স্টেশন। কোথাও আলো নেই, কোথাও নিরাপত্তাহীনতা, কোথাও আবার যাত্রীদের মৌলিক সুবিধার ঘাটতি। দিনের শেষে শহরের প্রবেশদ্বার হয়েও স্টেশনটি যেন নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শক্তিহীন হয়ে পড়েছে। রাজনীতিবীদ ও নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমাহীন ঊন্নাষিকতায় অতীতের গৌরব হারিয়ে দ্বিতল স্টেশনটি এখন পোড়ো স্থাপনার মত অবস্থায়।
এই বাস্তবতার ভেতরেই সামনে আসে হাসিবুল হক লিপুর নাম।
প্রবাসে থাকলেও আলমডাঙ্গা শহরের সঙ্গে যার সম্পর্ক কেবল স্মৃতির নয়, এক ধরনের আবেগেরও। উন্নত বিশ্বের নগরায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিকসেবার চিত্র কাছ থেকে দেখেছেন তিনি। হয়তো সেই অভিজ্ঞতাই তাকে ভাবিয়েছে—ছোট শহর বলেই আলমডাঙ্গা পিছিয়ে থাকবে কেন?
শহরকে ঘিরে তার স্বপ্নের কথাও স্থানীয়দের মুখে মুখে শোনা যায়।
তিনি বিশ্বাস করেন, একটি শহরকে বদলে দিতে বড় বড় প্রকল্পের পাশাপাশি দরকার ছোট কিন্তু দৃশ্যমান উদ্যোগ। একটি আলোকিত প্ল্যাটফর্ম, নিরাপদ পরিবেশ কিংবা বিশুদ্ধ পানির ব্যবস্থা—এসবও নাগরিক সেবার অংশ। আর সেই কারণেই তিনি শুরুটা করতে চেয়েছেন এমন একটি জায়গা থেকে, যেখানে প্রতিদিন শহরের সঙ্গে মানুষের প্রথম পরিচয় ঘটে।
খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও সামাজিক কর্মকাণ্ডে তাকে দীর্ঘদিন ধরেই সক্রিয় দেখা গেছে। স্থানীয় তরুণদের নানা উদ্যোগে তার সম্পৃক্ততা রয়েছে। ফলে তার এই উদ্যোগকে অনেকে ইতিবাচক সামাজিক বার্তা হিসেবে দেখছেন। যদিও সমালোচনাও একেবারে নেই তা নয়। কেউ কেউ বলছেন, একটি ঐতিহাসিক রেলস্টেশনের পূর্ণাঙ্গ সংস্কার ব্যক্তি উদ্যোগে সম্ভব নয়; এটি রাষ্ট্রীয় ও রেলওয়ে কর্তৃপক্ষের সমন্বিত পরিকল্পনার বিষয়।
সেই কথাও অস্বীকার করার সুযোগ নেই।
কারণ শতবর্ষী একটি স্থাপনা রক্ষায় প্রয়োজন দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা। প্রয়োজন প্রত্নঐতিহ্য ও স্থাপত্যমূল্য বিবেচনায় সংস্কার কার্যক্রম। তবে একটি প্রশ্ন থেকেই যায়—যেখানে দীর্ঘদিন কেউ এগিয়ে আসেনি, সেখানে অন্তত প্রাথমিক উদ্যোগটুকুও কি মূল্যহীন?
আলমডাঙ্গা রেলস্টেশন শুধু ইট-পাথরের ভবন নয়।
এটি শহরের স্মৃতি, পরিচয় ও আবেগের অংশ। এই রেলস্টেশনকে কেন্দ্র করেই আলমডাঙ্গা জনপদ গড়ে উঠেছে। বহু প্রবাসীর কাছে এই স্টেশনই বাড়ি ফেরার প্রথম স্পর্শ। বহু শিক্ষার্থীর কাছে এটি স্বপ্নের পথে যাত্রার শুরু। আবার কারও কাছে প্রিয়জনকে বিদায় জানানোর শেষ দৃশ্য।
সন্ধ্যা নামলে এখনো স্টেশনের পুরনো দেয়ালে ট্রেনের আলো এসে পড়ে।
হুইসেলের শব্দে কেঁপে ওঠে প্ল্যাটফর্ম। মানুষের ভিড়ের মাঝেও কোথাও যেন জমে থাকে এক ধরনের বিষণ্ন সৌন্দর্য। সেই সৌন্দর্যকে নতুন করে বাঁচিয়ে রাখার জন্য যদি কিছু মানুষ ভাবতে শুরু করে—সেটি নিঃসন্দেহে আশার খবর। খুব ছোট একটি পদক্ষেপ হলেও।
কিন্তু ইতিহাস বলে, অনেক বড় পরিবর্তনের শুরু হয়েছিল ঠিক এমন ছোট ছোট উদ্যোগ থেকেই।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
১১ ঘন্টা আগে