বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে আলমডাঙ্গা সাহিত্য পরিষদের ব্যতিক্রমী আয়োজন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে আলমডাঙ্গা সাহিত্য পরিষদের ব্যতিক্রমী আয়োজন
আলমডাঙ্গার সন্ধ্যা যেন শুক্রবার এক অন্য রূপে ধরা দিয়েছিল। বাজারের কোলাহল ছাপিয়ে সেখানে ভেসে উঠেছিল কবিতার উচ্চারণ, রবীন্দ্রসঙ্গীতের আবহ আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-কে ঘিরে গভীর মুগ্ধতার আলো।
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কবিতা পাঠের মনোজ্ঞ আয়োজন।
শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি ওমর আলি মাস্টার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রহমান মুকুল। তিনি “রবীন্দ্রনাথের সঙ্গীতের পেছনের গল্প” শীর্ষক আলোচনায় বিশ্বকবির গানের অন্তর্নিহিত বেদনা, প্রেম, দর্শন ও মানবিকতার নানা অজানা দিক তুলে ধরে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।
প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক ও সাহিত্যিক হামিদুল ইসলাম আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি আসিফ জাহান। তিনি “রবীন্দ্রনাথের সুফিবাদ” শীর্ষক আলোচনায় বিশ্বকবির ভাবদর্শনের আধ্যাত্মিক ও মানবতাবাদী দিক বিশ্লেষণ করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী।
কবি এম সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিক বিশ্বাস, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, কবি জামিরুল ইসলামসহ স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা সাহিত্যের ঋষিকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনে এসেছিলেন মহাকালের শিল্পদূত হয়ে। তাঁর সাহিত্য, সংগীত, দর্শন ও মানবিক চেতনা আজও প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে স্পন্দিত হয়। তাঁকে ছাড়া বাঙালির জীবন যেন অপূর্ণ। প্রেমে তিনি, প্রার্থনায় তিনি; দুর্যোগে তিনি, আনন্দ-বেদনায়ও তিনি। বর্ষার সজলতায় যেমন তিনি, তেমনি গ্রীষ্মের দহনেও তিনি। হেমন্ত, শরৎ, শীত কিংবা বসন্ত—সব ঋতুতেই তিনি এক অনিবার্য অনুভব।
বক্তারা আরও বলেন, জন্মের শুভক্ষণ থেকে মৃত্যুর নিঃশব্দ মুহূর্ত পর্যন্ত বাঙালির জীবনের প্রতিটি বাঁকে রবীন্দ্রনাথের উপস্থিতি অনিবার্য হয়ে আছে। বাংলা ভাষা ও সাহিত্যে এত বহুমাত্রিক, বহুরৈখিক, মায়াময় ও প্রীতিময় পল্লবপুরুষ আর দ্বিতীয়জন নেই।
শেষে কবিতা পাঠের মধ্য দিয়ে বিশ্বকবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আলমডাঙ্গার আকাশে তখন যেন নীরবে ভেসে বেড়াচ্ছিল রবীন্দ্রনাথের সেই চিরন্তন বাণী—
“মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে…”
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
৫০ মিনিট আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
৭ ঘন্টা আগে